নতুন চলচ্চিত্রে শুভ
নতুন আরেকটি চলচ্চিত্রের জন্য চুক্তিবদ্ধ হলেন মডেল-অভিনেতা আরেফিন শুভ। চলচ্চিত্রের নাম ‘এত কষ্ট কেন ভালোবেসে’।এফ আই মানিক পরিচালিত এ ছবিতে শুভর বিপরীতে একজন নবাগত অভিনেত্রী থাকার সম্ভাবনা রয়েছে।প্রথম আলো ডটকমকে নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শুভ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মিডিয়াতে কাজ করার একেবারে শুরু থেকেই আমার লক্ষ্য ছিল চলচ্চিত্র। তাই বলে যে ছবির প্রস্তাব আসবে, তাতেই রাজি হয়ে যাব, এমন কোনো ইচ্ছা আমার কখনোই ছিল না। ধৈর্য ধরেছিলাম। তার ফলও পাচ্ছি এখন।’ তিনি বলেন, ‘ভালো গল্প আর ভালো নির্মাতা এবং সর্বোপরি ভালোমানের কাজই করতে চাই। এ জন্য আমি নিজেকে সেভাবে তৈরিও করেছি।’ছবির গল্প সম্পর্কে শুভ বলেন, এত কষ্ট কেন ভালোবেসে’ ছবিতে তাঁকে দেখা যাবে বিশ্ববিদ্যালয়পড়ুয়া একজন ছাত্রের ভূমিকায়। বন্ধু-বান্ধবের সঙ্গে আড্ডা দিয়েই সময় কাটে যার। বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রীই শুভর পিছু নেয়। কিন্তু কাউকে পাত্তা দিতে চান না তিনি। শেষ পর্যন্ত একটি মেয়েই তাঁর জীবনে পরিবর্তন নিয়ে আসে। এভাবেই ‘এত কষ্ট কেন ভালোবেসে’ ছবির গল্প এগোতে থাকে।এ বছর পর পর দুটি ছবিতে কাজ করার সুযোগ পান শুভ। এর মধ্যে প্রথমটি হচ্ছে মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ছায়া-ছবি’। এতে শুভ অভিনয় করেছেন পূর্ণিমার বিপরীতে। শুটিং শেষে ছবিটি এখন সম্পাদনার টেবিলে। কিছুদিন আগে সোহানুর রহমান সোহানের ‘জ্বালা বড় জ্বালা’ নামের আরেকটি ছবির জন্য চুক্তিবদ্ধ হন তিনি। জানা গেছে, খুব শিগগিরই ছবিটির কাজ শুরু হবে।উল্লেখ্য, র্যাম্প মডেল হিসেবে মিডিয়ায় আরেফিন শুভর অভিষেক হয়েছিল। এরপর একটি এফএম রেডিওতে কথাবন্ধুর কাজও করেছিলেন তিনি। তারপর মডেলিং আর পর মোস্তফা সরয়ার ফারুকীর ‘ওয়েটিং রুম’ নাটকটির মধ্য দিয়ে টিভি পর্দায় নাম লেখান। আরেফিন শুভ অভিনীত প্রথম চলচ্চিত্র হচ্ছে খিজির হায়াতের ‘জাগো’।