নতুন চলচ্চিত্রের অপেক্ষায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিন, রাত, রোদ কিংবা বৃষ্টি—প্রকৃতি যে রকমই হোক না কেন, ট্রাফিক সিগন্যালে গাড়ি থামতেই নানা রঙের ফুলের মালা নিয়ে হাজির ছোট মেয়েরা, ‘স্যার, একটা মালা কিনবেন?’ চেনা এই দৃশ্যটি যতই চেনা হোক, প্রশ্নটি কিন্তু অন্য জায়গায়। পরিণত বয়সে পৌঁছে এসব মেয়ে কী করে, কোথায় হারিয়ে যায় তারা? ক্যামেরার ফ্রেমে কাহিনিচিত্র ও প্রামাণ্যচিত্র নির্মাণের মাধ্যমে এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন চার সৃজনশীল নবীন নির্মাতা।শহরের রাস্তায় ফুলবিক্রেতা মেয়েদের গল্প নিয়ে ফ্লাওয়ার ইন দ্য ন্যাকেড সিটি নামে আট মিনিটের কাহিনিচিত্রটি নির্মাণ করেছেন সুমাইয়া ইসলাম। নগরজীবনে মানুষের নানা দুর্বিপাকে আটকে পড়ার ঘটনা নিয়ে হুমায়ুন কবির নির্মাণ করেছেন ১৫ মিনিটের কাহিনিচিত্র ফাঁদ। প্রতীক নূর বানিয়েছেন নিপাতনে সিদ্ধ। আট মিনিটের এই কাহিনিচিত্রে উঠে এসেছে রাস্তার ক্যানভাসারের দৈনন্দিন জীবনযাপনের ভিন্ন রকম এক গল্প। নগরে নারীর অন্তহীন পথ চলা নিয়ে আরাত্রিক বকশী, শরিফ রেজা ও অদ্রি হূদয়েশ যৌথভাবে নির্মাণ করেছেন ২২ মিনিটের প্রামাণ্যচিত্র নগর এবং নারীর ছবি: উজান যাত্রা।বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও মুভিয়ানা ফিল্ম সোসাইটির যৌথ আয়োজনে ‘ডিজিটাল চলচ্চিত্র নির্মাণ’ শীর্ষক তিন মাসব্যাপী কর্মশালার সমাপনী দিনে ১৬ জানুয়ারি শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে এই ছবিগুলো প্রদর্শিত হয়।সেদিন সন্ধ্যা নামতেই মিলনায়তনের সামনের চত্বরে ভিড় করেন সিনেমা নির্মাণে আগ্রহী উৎসাহী তরুণ-তরুণী। আর তাঁদের উৎসাহ দিতে এসেছেন চলচ্চিত্রকার সৈয়দ সালাউদ্দীন জাকী, মসিহউদ্দিন শাকের, মোরশেদুল ইসলামসহ গুণী নির্মাতাদের অনেকে। ফলে সমাপনী অনুষ্ঠান যেন পরিণত হয়েছে নবীন-প্রবীণ সিনেমাকর্মীদের মিলনমেলা।সাতটা বাজল। আলো জ্বলল মঞ্চে। এ সময় শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে মোরশেদুল ইসলাম বলেন, ‘নবীন এই নির্মাতাদের উচ্ছ্বাস ও কর্মোদ্দীপনাকে সঠিক নির্দেশনা ও পৃষ্ঠপোষকতা দিতে পারলে বাংলাদেশের চলচ্চিত্র অনেক দূর এগিয়ে যাবে।’ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন মুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন। একে একে শেষ হচ্ছে অতিথিদের বক্তব্য। কিন্তু দর্শক সারিতে তখন জ্বলজ্বল করছে অসংখ্য তরুণ চোখ। তাঁরা সবাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। প্রত্যেকেই বসে আছেন নতুন সিনেমা দেখার অপেক্ষায়...।উল্লেখ্য, আগামীকাল শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালায় এই চলচ্চিত্রগুলো আবার প্রদর্শীত হবে বলে মুভিয়ানা ফ্লিম সোসাইটি সূত্রে জানা গেছে।