
জ্ঞানতাপস আবদুর রাজ্জাক বিদ্যাপীঠের উঠোনে একত্র হয়েছিলেন ঢাকার বেশ কয়েকজন শিল্পী ও শিল্পবোদ্ধা। প্রবেশমুখে শিল্পরসিক ইশরাত আকন্দের ছবি। গুলশান হামলায় মর্মান্তিকভাবে নিহত না হলে ছবির বদলে সশরীরে তিনিই হাজির হতেন সেখানে। শিল্পী আমিনুল ইসলামের নামে তরুণ শিল্পীদের পুরস্কার—শিল্পাঙ্গনের একটি উল্লেখযোগ্য ঘটনা।
গতকাল শনিবার সন্ধ্যায় ছিল ‘শিল্পী আমিনুল ইসলাম তরুণ শিল্পী পুরস্কার ২০১৫’-এর দ্বিতীয় আবর্তন। যে দালানে এত দিন ছিল ঢাকা আর্ট সেন্টার, সেখানে নতুন করে গড়ে উঠেছে জ্ঞানতাপসের নামে পাঠাগার। তারই তৃতীয় তলায় যাত্রা করল একটি নতুন স্টুডিও। অনুষ্ঠানের শুরুতে ওই দালানকে ঘিরে সংশ্লিষ্ট ব্যক্তিদের নানা পরিকল্পনার কথা জানানো হয়েছে। দেওয়া হয়েছে পুরস্কার এবং পুরস্কারের জন্য মনোনীত দশ শিল্পীর শিল্পকর্ম নিয়ে উদ্বোধন হয়েছে প্রদর্শনী।
এ বছরের পুরস্কৃত দুই শিল্পী হলেন মুহাম্মদ রফিকুল ইসলাম ও রাজীব দত্ত। একজন আলোকচিত্র, চিত্রকলা, ড্রয়িং ও ভিডিও আর্ট নিয়ে ও অন্যজন কাজ করেন চিত্রকলা ও ডিজিটাল কোলাজ নিয়ে। প্রবাসে অবস্থান করায় রফিকুল ইসলামের পুরস্কার ও এক লাখ টাকা গ্রহণ করেন তাঁর ভাই। রাজীব জানালেন, এই পুরস্কারকে তিনি নিজের কাজের স্বীকৃতি হিসেবে গ্রহণ করেছেন। বড় শিল্পীদের হাত থেকে নেওয়া এ পুরস্কার আত্মবিশ্বাসী হয়ে অগ্রসর হতে সাহায্য করবে তাঁকে।
পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের নাম ঘোষণা করেন ও পুরস্কার তুলে দেন বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার। তিনি বলেন, ‘আমিনুল সব সময় চাইতেন নতুন আবেগ ও মেধা। নতুনেরা শিল্পকলায় অবদান রাখবে, এটা আমাদের সবার প্রত্যাশা।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, ঢালী আল মামুন, শিল্পী আমিনুল ইসলামের স্ত্রী রুবী ইসলাম, বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী ও চেয়ারম্যান আবুল খায়ের।
শিল্পী আমিনুল ইসলাম (১৯৩১-২০১১) দেশের প্রথম প্রজন্মের একজন উজ্জ্বল চিত্রকর। ইতালির ফ্লোরেন্সের অ্যাকাডেমি দ্য বেল আর্তিতে চারুকলায় উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। ১৯৫৬ সালে যোগ দেন ঢাকা আর্ট ইনস্টিটিউটে। তেহরান থেকে ‘গ্র্যান্ড ইম্পিরিয়াল প্রাইজ’, ১৯৮১ সালে একুশে পদক ও ১৯৮৮ সালে স্বাধীনতা দিবস পুরস্কারসহ বেশ কিছু পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। তাঁর স্মৃতি রক্ষায় ২০১৩ সালে ‘আমিনুল ইসলাম তরুণ শিল্পী পুরস্কার’ প্রবর্তন করা হয়। চারুকলায় অবদানের জন্য এক বছর বিরতি দিয়ে দুজন তরুণ শিল্পীকে এ পুরস্কার দেওয়া হয়। আমিনুল ইসলামের পরিবারের পক্ষ থেকে আবেদনপত্র আহ্বান, বাছাই, প্রদর্শনী আয়োজন, পুরস্কার প্রদানসহ অন্যান্য আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে বেঙ্গল ফাউন্ডেশন।