নতুন ছবি নেই, ঈদের ছবিই ভরসা

শুক্রবার মানেই তো প্রেক্ষাগৃহে নতুন ছবি। কিন্তু এ সপ্তাহে হলে কোনো নতুন ছবি ওঠেনি। কারণ, এখনো কাটেনি ঈদের ছবির রেশ। ঈদের তৃতীয় সপ্তাহে এসেও ঈদের ছবিগুলোই হলের মালিকদের ভরসা। চলতি সপ্তাহের জন্য প্রযোজক ও পরিবেশক সমিতির ছবি মুক্তির নিবন্ধন খাতায় পোস্টমাস্টার ৭১ নামের একটি ছবি থাকলেও তা মুক্তি পায়নি।
ঈদের দিন একযোগে দেশের ২৭৮টি হলে পাঁচটি ছবি মুক্তি পায়। চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া হল পায় ১৩৪টি, সুপার হিরো পায় ৮০টি, পাঙ্কু জামাই ৪০টি, পোড়ামন ২ ২১টি ও কমলা রকেট পায় ৩টি হল। ঈদের দ্বিতীয় সপ্তাহে অন্য ছবিগুলোর হল ঠিক থাকলেও সুপার হিরো দেখানো হয় আরও ৩টি (মোট ৮৩টি) নতুন প্রেক্ষাগৃহে। অন্যদিকে পোড়ামন ২-ও একটি হলে বেড়ে ২২টি প্রেক্ষাগৃহে এর প্রদর্শনী চলতে থাকে।

তৃতীয় সপ্তাহে এসে পোড়ামন ২ ছবিটি ২২টি প্রেক্ষাগৃহের ১৪টি থেকে নেমে গেছে। তবে নতুন করে এই ছবি উঠেছে বেশ কিছু হলে। এ সপ্তাহে এই ছবি দেশের ৩৬টি সিনেমা হলে দেখা যাবে। এর মধ্যে আছে ঢাকার মধুমিতা, খুলনার চিত্রালী, কুষ্টিয়ার বনানী, যশোরের মণিহার, সিলেটের নন্দিতা, নারায়ণগঞ্জের নিউ মেট্রো ইত্যাদি। ছবিটির প্রযোজক আবদুল আজিজ জানান, এখন মোট ৩৫টি হলে চলছে পোড়ামন ২।
শাকিব খান ও বুবলী অভিনীত সুপার হিরো ছবির প্রযোজক তাপসী ফারুক জানান, তৃতীয় সপ্তাহে এসে ছবিটি দেশের ৬৩টি প্রেক্ষাগৃহে চলছে।
এদিকে তৃতীয় সপ্তাহে শাকিব-অপুর পাঙ্কু জামাই ছবির অবস্থা পরিবর্তিত। ঈদের দিন থেকে এই ছবি যে প্রেক্ষাগৃহগুলোতে ছিল, সেগুলোতে এর প্রদর্শনী অব্যাহত আছে। বরং নতুন করে চলতি সপ্তাহ থেকে আগের ৪০টি হলের সঙ্গে নতুন ১০টি হলে এই ছবি চলছে। এসব তথ্য জানিয়েছেন ছবির প্রযোজক মোজাম্মেল হক।

চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া ছবিটি এ সপ্তাহে চলছে ২৫টি হলে। ছবির প্রযোজক সেলিম খান বলেন, ‘শুরুতেই শেয়ার ও মিনিমাম গ্যারান্টিতে (এমজি) যে হলগুলোতে ছবি দিয়েছিলাম, সেই হলগুলোতেই চলছে ছবিটি। দুই সপ্তাহের জন্য নির্ধারিত মূল্যে দেওয়া হলগুলোতে ছবি আর চালাচ্ছি না।’
প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস সূত্রে জানা গেছে, কমলা রকেট ছবিটি রাজিয়া সিনেমা হল থেকে নেমে গেছে। এখন শুধু রাজধানীর স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাসে চলছে মোশাররফ করিম ও তৌকীর আহমেদ অভিনীত এই ছবি।