নতুন ছবি প্রেক্ষাগৃহ পাচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সব জেলার প্রেক্ষাগৃহে এবার নতুন ছবি মুক্তি পাবে না। গত এক বছরে প্রেক্ষাগৃহের সংখ্যা কমেছে ৪০টি। আগে প্রতিটি জেলা শহরেই নতুন ছবি মুক্তির জন্য দুটি করে প্রেক্ষাগৃহ ছিল। উপজেলা পর্যায়েও ছিল একটি। অথচ এখন দেশের ২২টি জেলা শহরে নতুন ছবি প্রদর্শন করার মতো প্রেক্ষাগৃহ নেই। আর এ প্রভাব পড়েছে ঈদের ছবিগুলোর ওপর।প্রায় সব ঈদেই ছবি মুক্তি পায় সাত থেকে আটটি। এবারও নয়টি ছবি মুক্তির জন্য জোর প্রস্তুতি গ্রহণ করা হয়। কিন্তু প্রেক্ষাগৃহের স্বল্পতার কারণে এবার ঈদে মাত্র চারটি ছবি মুক্তি পাবে। জানা গেছে, কয়েকজন প্রযোজক প্রত্যাশা অনুযায়ী প্রেক্ষাগৃহ না পেয়ে শেষ মুহূর্তে ছবি মুক্তি দেওয়া থেকে পিছিয়ে গেছেন।বিভিন্ন অঞ্চলের ঘনবসতিপূর্ণ এলাকায় পাঁচ থেকে ছয়টি প্রেক্ষাগৃহে নতুন ছবি প্রদর্শন করা হতো। এখন সেসব প্রেক্ষাগৃহও বন্ধ হয়ে গেছে। যেমন সিরাজগঞ্জের চালা এলাকায় ছিল পাঁচটি প্রেক্ষাগৃহ। এখন সেখানে আছে তিনটি। এখানে একটিমাত্র প্রেক্ষাগৃহ নতুন ছবি প্রদর্শন করে।যশোরের মণিহার ও চিত্রা প্রেক্ষাগৃহেও এখন নতুন ছবি প্রদর্শন করা হয় না।কারণ হিসেবে এসব প্রেক্ষাগৃহের মালিকেরা বলছেন, বেশি টাকায় এখন আর তাঁরা নতুন ছবি সংগ্রহ করতে পারছেন না।বগুড়ায় প্রেক্ষাগৃহ ছয়টি। এখন সেখানে দুটি প্রেক্ষাগৃহে নতুন ছবি প্রদর্শন করা হয়। দুটি বন্ধ হয়ে গেছে। আর অন্য দুটির অবস্থা তেমন উল্লেখযোগ্য নয়।চাঁদপুরে এখন কোনো প্রেক্ষাগৃহ নেই বললেই চলে। জামালপুর জেলা শহরে আগে তিনটি প্রেক্ষাগৃহে প্রতিযোগিতামূলকভাবে ছবি প্রদর্শন করা হলেও এখন মাত্র একটিতে নতুন ছবি প্রদর্শন করতে দেখা যায়। ফেনী শহরে তিনটির মধ্যে একটিমাত্র প্রেক্ষাগৃহে নতুন ছবি প্রদর্শন করতে দেখা যায়।এদিকে ঢাকার অভিসার প্রেক্ষাগৃহের অন্যতম কর্ণধার কে এম আর শহর বলেন, ‘ঢাকা শহরেই এখন অনেক প্রেক্ষাগৃহ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। প্রেক্ষাগৃহকে বাঁচাতে হলে এখন ছবির সংখ্যা বাড়াতে হবে, ভালো ভালো ছবি সরবরাহ করতে হবে। তা না হলে লোকসান দিয়ে প্রেক্ষাগৃহ চালানো সম্ভব হবে না।’