নতুন ছবি মুক্তি পেতে শুরু করেছে
আবার মুক্তি পেতে শুরু করেছে নতুন চলচ্চিত্র। বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে দেড় মাসেরও বেশি সময় নতুন ছবি মুক্তি দেওয়া থেকে বিরত ছিলেন প্রযোজকেরা। ফলে এ সময়ে অনেক প্রেক্ষাগৃহের মালিককে পুরোনো চলচ্চিত্র প্রদর্শন করতে হয়েছে, আবার কেউ কেউ প্রেক্ষাগৃহ বন্ধ রেখেছিলেন। গতকাল শুক্রবার ওয়ান্টেড-এর মাধ্যমে নতুন ছবি মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। জানা গেছে, ১৫ এপ্রিল মুক্তি পাবে গেরিলা ও হূদয় ভাঙ্গা ঢেউ এবং তার পরের সপ্তাহেই মুক্তি পাবে মনের জ্বালা ছবিটি। ওয়ান্টেড ছবিতে অভিনয় করেছেন মারুফ, বাঁশরী ও লিটন। গেরিলা ছবিতে অভিনয় করেছেন জয়া, এ টি এম শামসুজ্জামান প্রমুখ। হূদয় ভাঙ্গা ঢেউ ছবিতে অভিনয় করেছেন অনন্ত, বর্ষা, রাজ্জাক প্রমুখ এবং মনের জ্বালা ছবিতে অভিনয় করেছেন শাকিব খান ও অপু বিশ্বাস।চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সহসভাপতি খোরশেদ আলম খসরু জানিয়েছেন, দীর্ঘদিন পর ছবিগুলোর মুক্তির ফলে চলচ্চিত্র শিল্পে নতুন করে কর্মব্যস্ততা শুরু হবে। তবে ভয় একটিই, যদি কোনো ছবি ভিডিও পাইরেসির শিকার হয়। সে ক্ষেত্রে প্রযোজকেরা হয়তো ছবি মুক্তি দেওয়া থেকে বিরত থাকবেন। কারণ পাইরেসির শিকার হলে সে ছবিতে বিনিয়োগ করা পুরো টাকাই পানিতে চলে যায়।