নতুন ছবিতে অমৃতা খান

দেড় বছর পর নতুন একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেন নতুন প্রজন্মের এই নায়িকা অমৃতা খান। ছবির নাম ‘ময়না পাখির সংসার’। পরিচালক করছেন রায়হান মুজিদ। অমৃতা খান জানিয়েছেন গতকাল বৃহস্পতিবার ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। নতুন এই ছবিতে তাঁর চরিত্রের নাম ময়না।
বছর দেড়েক আগে সাইফ চন্দনের ‘টার্গেট’ ছবির কাজ শুরু করেন। মাঝে বেশ কিছুদিন ধরে ছবিটির কাজ আটকে ছিল। সম্প্রতি ছবিটির কাজ শেষ হয়েছে। তবে এই সময়ের মধ্যে নতুন কোনো ছবিতে আর কাজ করতে দেখা যায়নি অমৃতাকে।
মাঝে এই দীর্ঘ বিরতি কেন? কি হয়েছিল? জানতে চাইলে অমৃতা বলেন, ‘ছয় মাস পরিবারের অন্যদের সঙ্গে দেশের বাইরে বাবার কর্মস্থলে ছিলাম। ওই সময়টাতে নিজের লেখাপড়াতেও সময় দিয়েছি। এর মধ্যে আমি ও-লেভেল পরীক্ষা শেষ করেছি। এ কারণে নতুন কোনো ছবি হাতে নিইনি। তবে এখন থেকে নিয়মিত চলচ্চিত্রে কাজ করব ভাবছি।’
গ্রামীণ পটভূমিতে ‘ময়না পাখির সংসার’ ছবির গল্প তৈরি হয়েছে। পরিচালক জানিয়েছেন,আজ শুক্রবার থেকে নরসিংদীর গ্রামীণ লোকেশনে ছবিটির শুটিং শুরু হয়েছে।
‘ময়না পাখির সংসার’ ছবিতে অমৃতা খান অভিনয় করছেন সুপার হিরো খ্যাত রোজের বিপরীতে। ছবিতে আরও অভিনয় করছেন সাদেক বাচ্চু, লীনা আহমেদ, সাগর প্রমুখ। সম্প্রতি ছবিটির গান রেকর্ডিংয়ের কাজও শুরু হয়েছে। আলী আকরাম শুভর সংগীত পরিচালনায় ছবির একটি গানে কণ্ঠ দিয়েছেন আতিক হাসান ও কোনাল।