নতুন ছবিতে আরেফ সৈয়দ

নতুন একটি ছবিতে নাম লেখালেন অনিল বাগচীর একদিন–খ্যাত অভিনেতা আরেফ সৈয়দ। নতুন ছবিটির নাম কার্স অব কোহিনূর। উর্দু ভাষায় নির্মিত এই ছবিটি পরিচালনা করবেন মার্কিন নির্মাতা রাঘব মুরালি। ছবিতে আরেফের সঙ্গে অভিনয় করবেন বাংলাদেশের সাদিকা স্বর্ণা, বড়দা মিঠু, ভারতের রাশান নূর ও তারিনি পাল।
ভাষা উর্দু হলেও ছবিটির কিছু অংশের শুটিং হবে বাংলাদেশে। এমনটাই জানালেন সহযোগী প্রযোজক সুমন আরেফিন। আগামীকাল থেকে গাজীপুরের কাপাসিয়ায় এই ছবির শুটিং শুরুর কথা আছে। সুমন আরেফিন জানান, ছবিটি নির্মাণ শেষে বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র ও চীনে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
কার্স অব কোহিনূর নিয়ে বেশ রোমাঞ্চিত আরেফ। বললেন, ‘অনিল বাগচীর একদিন মুক্তির পর আমাকে নিয়ে সবার প্রত্যাশা বেড়ে গিয়েছিল। আমিও অপেক্ষায় ছিলাম এমন একটি ছবিতে অভিনয় করার জন্য, যা সবার সেই প্রত্যাশার সঙ্গে মেলে। সেটা এবার পূরণ হলো।’
উল্লেখ্য, আরেফ সৈয়দ অনিল বাগচীর একদিন চলচ্চিত্রে অভিনয়ের জন্য ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৫’-এর সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পেয়েছেন।