নতুন ছবিতে পরীমনির জুটি বাপ্পী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরীমনি
পরীমনি

নতুন আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন আলোচিত নায়িকা পরীমনি ও অভিনেতা বাপ্পী। ছবির নাম ‘বুকের মাঝে প্রেমের আগুন’। পরিচালনা করছেন শাহনেওয়াজ শানু। আজ বিকেলে রাজধানীর প্রিয়াঙ্কা শুটিং বাড়িতে নতুন এ ছবিটির মহরত হওয়ার কথা রয়েছে। পরিচালক জানিয়েছেন, প্রাথমিকভাবে নাম ‘বুকের মাঝে প্রেমের আগুন’ রাখা হলেও ছবির নাম পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

নতুন ছবির গল্প প্রসঙ্গে শাহনেওয়াজ শানু বলেন, ‘অ্যাকশন রোমান্টিক ঘরানার ছবি হবে এটি। এই সিনেমায় পরীমনিকে উপস্থাপন করা হবে একজন সুপার মডেল হিসেবে, আর বাপ্পী অভিনয় করবেন একজন প্রতিবাদী যুবকের চরিত্রে। তবে, ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন মিশা সওদাগর। গতানুগতিক খল চরিত্রের বাইরেও তাঁকে দেখা যাবে ভিন্ন চরিত্রে। সব ধরনের দর্শকের হলে ফিরিয়ে আনতেই নির্মাণ করা হচ্ছে ছবিটি।’

ছবিটি প্রসঙ্গে পরীমনি বলেছেন, ‘আমার গল্প এবং চিত্রনাট্য পড়ে অসাধারণ লেগেছে। এ কারণেই কাজ করা।’

নতুন ছবিতে পরীমনিকে নেওয়া প্রসঙ্গে পরিচালক বলেন, ‘আমার চরিত্রানুযায়ী পরী ছাড়া আর কাউকে এত গ্ল্যামারাস মনে হয়নি। যখন চরিত্র নিয়ে আমরা আলোচনা করি তখনই পরীর কথা মাথা আসে। এ কারণেই তাকে নেওয়া।’

মহরতের পর আজ থেকে নতুন এ ছবিটির শুটিং শুরু হবে। তবে পাঁচ দিন শুটিং চলার ছবির কাজ কিছুদিন বন্ধ থাকবে। এরপর আসছে জানুয়ারিতে পুরোদমে শুরু হবে শুটিং। পরিচালক জানিয়েছেন, এ ছবির শুটিং হবে এফডিসি, উত্তরাসহ ঢাকার বাইরে বেশ কয়েকটি জায়গায়।


পরিচালকের ইচ্ছে আগামী এপ্রিলে ছবিটি মুক্তি দেওয়ার। এরই মধ্যে এ ছবির কয়েকটি গানের রেকর্ডিংও শেষ হয়েছে। গানগুলো গেয়েছেন কনকচাঁপা, আঁখি আলমগীর, প্রতীক হাসান, কিশোর। আরও কয়েকটি গানের রেকর্ডিং বাদ আছে বলেও জানিয়েছেন এ ছবির পরিচালক।

প্রসঙ্গত, এর আগে পরিচালক শাহনেওয়াজ শানুর ‘মাটির পিঞ্জিরা’ নামে একটি ছবি মুক্তি পেয়েছিল।