নতুন ছবিতে 'মিজ আয়ারল্যান্ড' প্রিয়তি

সম্প্রতি আয়ারল্যান্ডের নতুন আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন ‘মিজ আয়ারল্যান্ড’ খেতাবপ্রাপ্ত ঢাকার মেয়ে মডেল-অভিনেত্রী মাকসুদা আকতার। তিনি অবশ্য প্রিয়তি নামেই বেশি পরিচিত। নতুন ছবিতে অভিনয় খবর জানিয়েছেন প্রিয়তি নিজেই। গতকাল মুঠোফোনে প্রথম আলোকে তিনি জানান, নতুন এই ছবির নাম ‘চু চুলেন’। ছবিটি পরিচালনা করবেন কায়রন ডেভিস। আগামী ডিসেম্বর থেকে শুটিং শুরু হবে।
প্রিয়তি এও জানিয়েছেন, এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
নতুন ছবির চরিত্র প্রসঙ্গে প্রিয়তি বলেন, ‘এটি একটি জীবনীনির্ভর ছবি। এখানে আমি একজন যোদ্ধা রানীর চরিত্রে অভিনয় করব। নতুন এই ছবিটি নিয়ে আমি দারুণ আশাবাদী।’
এর আগে, একই পরিচালকের ‘ওয়ান্ডারল্যান্ড’ নামের একটি ছবিতেও অভিনয় করেছিলেন প্রিয়তি। এরই মধ্যে সে ছবির কাজও শেষ হয়েছে। খুব তাড়াতাড়ি মুক্তি দেওয়া হবে ওয়ান্ডারল্যান্ড এমনটাই জানিয়েছেন তিনি।
‘মিজ আয়ারল্যান্ড’ হওয়ার পর বেশ কয়েকবার দেশে এসেছিলেন তিনি। জানিয়েছেন বাংলাদেশের চলচ্চিত্রেও তাঁর কাজ করার ইচ্ছে আছে। মুঠোফোনে প্রিয়তি বলেন, ‘বাংলাদেশের চলচ্চিত্রে আমার কাজ করার আগ্রহ আছে। মাঝে একবার এক পরিচালকের সঙ্গে কথাও হয়েছিল। কিন্তু সেটি আর এগোয়নি। ঢাকার ছবিতে কাজ করার জন্য আমি পুরোপুরি প্রস্তুত।’
প্রায় ১৪ বছর ধরে আয়ারল্যান্ডে বসবাস করছেন ঢাকার মেয়ে মাকসুদা আকতার। তাঁর দুটি সন্তান রয়েছে। ২০১৪ সালে ‘মিজ আয়ারল্যান্ড’ খেতাব পান প্রিয়তি। এখন তিনি লড়ছেন ‘মিজ আর্থ’ প্রতিযোগিতায়। এ ছাড়া, নিয়মিত মডেলিং এবং পেশাদার বৈমানিক হিসেবেও কাজ করছেন এই মডেল-অভিনেত্রী।
মাকসুদা আকতার প্রিয়তির জন্ম ঢাকার ফার্মগেট এলাকায়। ঢাকাতেই বেড়ে ওঠা। পড়েছেন স্থানীয় একটি ইংরেজি মাধ্যম স্কুলে। ও লেভেলের পড়াশোনার শেষে ১৪ বছর আগে পাড়ি জমিয়েছিলেন আয়ারল্যান্ড। উদ্দেশ্য ছিল সেখানেই পড়াশোনা করবেন। আয়ারল্যান্ডে ব্যবসায় প্রশাসনে পড়াশোনা করছেন। তারপর বিমান চালনার ওপর প্রশিক্ষণ! ডাবলিনে থিতু হয়েছেন অনেক দিন।