নতুন ছবি-হৃদয়ের রঙধনু

নিরুদ্দেশে পাড়ি জমিয়েছেন চার তরুণ। একটি রহস্যময় পোস্টকার্ড পথ বাতলে দেওয়ার বদলে তাঁদের ঠেলে দিচ্ছে অরণ্য, সাগর আর পাহাড়ের দিকে। তাতে এতটুকুও বিচলিত নন নগরে বেড়ে ওঠা এই তরুণ-তরুণীরা। যতই গভীরে যাচ্ছেন, যেন ঘোমটা খুলে ধরছিল রূপসী বাংলাদেশ। এভাবে সারা দেশে সাইকেল, সার্ফিং বোর্ড, প্যারাস্যুট, ডুবুরির পোশাকে সাগরের নিচে অ্যাডভেঞ্চারে নেমে পড়েন তাঁরা। তাঁদের এই অ্যাডভেঞ্চারের গল্প নিয়েই হৃদয়ের রঙধনু ছবি। বাংলাদেশের পর্যটনশিল্পকে দেশ-বিদেশের মানুষের সামনে তুলে ধরতেই এই ছবি।
দেশ-বিদেশের পর্যটকদের সামনে রূপসী বাংলাদেশকে তুলে ধরতে ছবিটি নির্মাণ করেছে এশিয়ান ইনস্টিটিউট অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন (এআইএমসি) বাংলাদেশ। পর্যটনভিত্তিক এ সিনেমাটি পরিচালনা করেছেন রাজীবুল হোসেন। জানান, দেশের পর্যটনশিল্পকে ব্র্যান্ডিংয়ে বিশেষভাবে ভূমিকা রাখবে ছবিটি। কক্সবাজার, পার্বত্য চট্টগ্রাম, সিলেট, কুয়াকাটা, রাজশাহী, রংপুর, বগুড়া, দিনাজপুর, খুলনা, মেহেরপুর, গোপালগঞ্জসহ দেশের প্রায় সব দর্শনীয় স্থানেই শুটিং হয়েছে। সুন্দরবনে ছবির শেষ অংশের শুটিং শেষে ছবিটি জমা দেওয়া হবে সেন্সর ছাড়পত্রের জন্য।
পরিচালক বলেন, ‘দেশের পর্যটনের স্পটগুলোতে শুটিং ও ছবিটির প্রচারণার জন্য পর্যটন করপোরেশন সহযোগিতা করেছে।’ গতকাল বুধবার সকালে বাংলাদেশ পর্যটন করপোরেশন ভবনে বাংলাদেশ পর্যটন করপোরেশনের সঙ্গে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করে এআইএমসি। এ সময় উপস্থিত ছিলেন পর্যটন করপোরেশনের চেয়ারম্যান অপরূপ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দীন ও মহাব্যবস্থাপক মহসীন এবং চলচ্চিত্রটির পরিচালক ও প্রযোজক রাজীবুল হোসেন, অভিনেতা ও কলাকুশলীরা। হৃদয়ের রঙধনু ছবিতে অভিনয় করা চার তরুণই নতুন এবং তাঁদের ভেতর একমাত্র নারী চরিত্রটি করেছেন সার্বিয়ার নাগরিক সিনা পেতকোভিচ।