নতুন জীবনের প্রথম যাত্রা

‘জয়িতা এবং শাহীনের নতুন জীবনের প্রথম যাত্রা। সাথে চাইছি আপনাদের’। আমন্ত্রণপত্রে লিখেছেন মিতা হক। প্রয়াত নাট্যব্যক্তিত্ব খালেদ খান আর রবীন্দ্রসংগীতশিল্পী মিতা হকের মেয়ে জয়িতা। মায়ের মতো জয়িতাও গান করেন, রবীন্দ্রসংগীত। গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে ফারহিন খান জয়িতা ও অভিনেতা-নির্দেশক মুস্তাফিজ শাহীনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এই অনুষ্ঠানে জয়িতা ও শাহীনকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন নাটক, সংগীত ও চলচ্চিত্রের অনেক তারকা।
গতকাল শনিবার সকালে জয়িতা বলেন, ‘শাহীনের সঙ্গে আমার পরিচয় ১৩ বছর হলো। পাঁচ বছর আগে বুঝতে পারি, আমরা একে অপরকে ভালোবাসি। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর রাতে বিয়ের সিদ্ধান্ত নিই। তারপর আমাদের দুই পরিবারের সদস্যরা বিয়ের তারিখ চূড়ান্ত করেন। দীর্ঘদিনের বন্ধু ও ভালোবাসার মানুষকে বাকি জীবনের সহযাত্রী হিসেবে পেয়েছি, তাই অন্য রকম আনন্দ হচ্ছে।’
গত ২০ ফেব্রুয়ারি এক ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে জয়িতা ও শাহীনের বাগদান হয়।
এরই মধ্যে জয়িতার তিনটি অ্যালবাম বেরিয়েছে—শুধু রবীন্দ্রনাথ, বাঁধন ছেঁড়ার গান ও দুঃখ জাগানিয়া। শাহীন মঞ্চকর্মী।
থিয়েটার ইউল্যাবের হয়ে নাটক ডাকঘর ও দর্পণ নির্দেশনা দিয়েছেন শাহীন। অভিনয় করছেন টিভির নাটক ও চলচ্চিত্রে। নিয়মিত নাটক লেখার কাজও করেন তিনি।