নতুন জুটি
ওঁদের রসায়নের বিক্রিয়া নিয়ে মুখরিত চারদিক। বিলেতফেরত ক্যাটরিনা কাইফ শুরু থেকেই স্বপ্ন দেখেছেন হূতিক রোশনের বিপরীতে নায়িকা হবেন। ২০০০ সালের কথা। মডেলিংয়ের কল্যাণে প্রথমবার ভারতে পা রেখে মনের অজান্তেই ভালো লেগে যায় হূতিক রোশনকে। কহো না পেয়ার হ্যায় এবং হৃতিক রোশনজ্বরে তখন কাঁপছে বলিউড। বছর ঘুরতে না ঘুরতেই হূদয় ভেঙে খান খান হয়ে যায় বিলেতি কন্যার। কারণ, একই বছর বিয়ের পিঁড়িতে বসেন স্বপ্নের নায়ক। ক্যাটরিনা এরপর মডেলিংয়ের আঙিনা পার করে অভিনয়ের সাগরে ঝাঁপ দেন। সালমান খানের সঙ্গে প্রণয়ের সুতায় বাঁধা পড়েন। কিন্তু হূতিকের জন্য বিশেষ জায়গাটা ক্যাটরিনা বরাবরই জিইয়ে রেখেছিলেন। নির্মাতা থেকে সাংবাদিক—সবাইকে প্রকাশ্যেই বলতেন, হৃতিক রোশনের বিপরীতে অভিনয়ের প্রস্তাব পেলে পারিশ্রমিক ছাঁটাই করতেও রাজি আছেন তিনি। কিন্তু কোনো এক অদৃশ্য কারণে ক্যাটের স্বপ্ন এতটা বছর অধরাই থেকে যায়। মহা ব্যস্ত হূতিকও কখনো ক্যাটরিনার ছবি দেখেননি। এই দুরবস্থায় জাভেদ আখতারের কন্যা জয়া আখতার এলেন রক্ষাকর্তার ভূমিকায়। ছবির নাম জিন্দেগি না মিলেগি দোবারা। ফারহান আখতার, অভয় দেওলকে সই করানোর পর জয়া ছবির ‘অর্জুন’ চরিত্রের জন্য শুরুতে রণবীর কাপুর, অতঃপর ইমরান খানকে প্রস্তাব দেন। দুজনই সহাস্যে লাক বাই চান্স পরিচালককে ‘না’ করে দেন। দুজনেরই যুক্তি, ‘হিরো হতে চাই, তিনটি চরিত্রের একটি নয়।’ হৃতিক রোশনও তাঁর অভিনয় ক্যারিয়ারে বরাবর তা-ই করেছেন। কিন্তু কী মনে করে চরিত্রটি হূতিককেও প্রস্তাব করে বসেন জয়া। ভাবতেও পারেননি, হৃতিক সহজেই অর্জুনের প্রেমে পড়ে ছবিটি সই করবেন, যদিও হৃতিকের দাবি, স্ক্রিপ্ট পড়ে স্ত্রী সুজানই নাকি অনুরোধ করেছিলেন ছবিটিতে কাজ করার।এ সপ্তাহে মুক্তি পেয়েছে জিন্দেগি না মিলেগি দোবারা। ছবির প্রমোশনাল দেখে অনেকেই মুক্তির আগে ধারণা করেছিলেন, এটি বুঝি ফারহান আখতারেরই ১০ বছর আগে মুক্তি পাওয়া দিল চাহাতা হ্যায়’ ছবির সিক্যুয়াল। তবে ছবি মুক্তির পর নিন্দুকেরা মুখে কুলুপ এঁটেছেন। প্রথম তিন দিনেই ছবিটি ভারত থেকে আয় করেছে ২৮ কোটি ২৫ লাখ রুপি। ‘হ্যারি পটার’-এর নতুন ছবির সাফল্যের সঙ্গে পাল্লা দিয়েও হিট ছবির তকমা গায়ে লাগাতে চলেছে জিন্দেগি না মিলেগি দোবারা। সফল হয়েছে হৃতিক-ক্যাটরিনার প্রথম প্রচেষ্টা। হৃতিকের সঙ্গে কাজ করার জন্য অবশ্য বলিউডের এ মুহৃর্তের অন্যতম শীর্ষ জনপ্রিয় নায়িকা কম পরিশ্রম করেননি। হাসতে হাসতে নিজেই বলেন, ‘এ ছবিতে তো আমি নায়িকা নই, শ্রমিকের কাজ করেছি! স্পেনে প্রতিদিন ভোরবেলা হোটেল থেকে সেটে যেতাম। ফ্লোর পরিষ্কার করতাম। শুটিংয়ের গাড়ি পরিষ্কার করতাম। হূতিক স্যার, ফারহান স্যার, অভয় স্যারদের দয়া হলে ঘুম থেকে উঠে আয়েশি ভঙ্গিতে সেটে আসতেন। আর আমি পাঁচ মিনিটে কোনো রকম মেকআপ করে ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়তাম!’ প্রায় তিন মাস বার্সেলোনায় শুটিং করেছে জয়ার দল। ক্যাটরিনা ভেবেছিলেন, তিন মাস নায়কদের সঙ্গে খুব ‘আনন্দ-মাস্তি’তে দিন কাটাবেন। কিন্তু তিন নায়কই ক্যাটরিনাকে সেটে কিংবা হোটেলে রেখে বেরিয়ে পড়তেন স্পেনের রাস্তায়। রাত-বিরাতে মোটরবাইক ভাড়া করে ঘুরে বেড়াতেন। কখনো মাঝরাস্তায় কফি খেতে খেতে রাত ভোর করতেন। হূতিক বলেন, ‘এই অভিজ্ঞতা আমার জীবনে বিশেষ স্মৃতি হয়ে থাকবে। এমনকি ছবি মুক্তির আগেও প্রচারণার জন্য ফারহান-জয়ারা এক অভিনব পরিকল্পনা করেছিলেন।’ ছবির কাহিনি যেহেতু তিন বন্ধুর স্পেনের রাস্তায় ‘ব্যাচেলর ভ্রমণ’ নিয়ে, তাই হূতিক-ফারহান-অভয়-ক্যাটরিনা এবং পরিচালক-প্রযোজক গাড়ি নিয়ে ৭ জুলাই থেকে ১০ জুলাই সুরাত, বারোদা, আহমেদাবাদ, উদয়পুর, জয়পুর হয়ে নয়াদিল্লি প্রচারণা চালিয়েছেন। ১০ জুলাই দিল্লিতে কনসার্ট সেরে তবেই মুম্বাইয়ে ফিরেছেন। এই ভ্রমণে হঠাৎ বৃষ্টি নেমেছে। হূতিক-ক্যাটরিনারা ভারতের রাস্তায় খোলা জিপে প্রথমবার বৃষ্টিতে ভিজেছেন। লক্ষৌর রাস্তার পাশের হোটেলগুলোতে কাবাব খেয়ে নিজ নিজ বাড়ির জন্য ২০ কেজি নিয়েও গেছেন।ফারহান, অভয়ের সঙ্গে ‘সেনোরিটা’ গানও গেয়েছেন হৃতিক। তিনি বলেন, ‘আমাকে মাইক্রোফোনের সামনে দাঁড় করিয়ে বলা হয়েছিল, সবাই মিলে মজা করব। কিন্তু শংকর-এহসান-লয় যে সেটা ছবিতেও ব্যবহার করবে, ভাবিনি। ছবিতে হূতিক সাধারণ এক যুবক। হৃতিক এত দিন আকবর, মিস্টার কিংবা রোহিত, রাজ, কৃষ—এ ধরনের অতিমানবীয় চরিত্রেই অভিনয় করেছেন। হঠাৎ সাধারণ যুবকের চরিত্র কেন? ‘কারণ, আমি প্রথমত অভিনেতা। তারপর তারকা। তারকাসত্তাকে আরও জনপ্রিয় করার জন্য তো কাজ করি না। অভিনয় করি অভিনেতা হিসেবে আমার যাত্রা সমৃদ্ধ করার জন্য।’ বলেন হৃতিক। কিন্তু অনেক নায়কের ভিড়ে প্রতিযোগিতা করতে কে-ই বা ভালোবাসেন? ‘আমি ভালোবাসি। কারণ, আমার কাছে ব্যাপারটা এ রকম—অনেক মেধাবী নায়ক আমার সঙ্গে ছবিতে কাজ করলে আমার শেখার ক্ষেত্রটা সমৃদ্ধ হয়। তা ছাড়া স্কুলে পড়াশোনা করার সময় থেকেই কারও সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে যদি দেখতাম, অন্য প্রতিযোগী ভুল পথে এগোচ্ছে, তাকে সঙ্গে সঙ্গে শুধরে দিতাম, সাহায্য করতাম। তবে তার কাজ শেষ হয়ে গেলে তার চেয়ে ভালো করার চেষ্টা করতাম। আমার কাছে এটাই প্রতিযোগিতা।’ঐশ্বরিয়া রাই বচ্চনের পর এ ছবিতেও ক্যাটরিনার সঙ্গে হৃতিকের চুম্বনদৃশ্য রয়েছে। হয়তো এ কারণেই ক্যাটের সাবেক প্রেমিক সালমান খান এক বছর ধরে চটে আছেন হূতিকের ওপর। কিন্তু ক্যাটরিনার বক্তব্য কী? ‘হৃতিকের সঙ্গে প্রতিবছর একটি ছবিতে অভিনয় করতে চাই।’ লাজুক ভঙ্গিতে জানান ভক্তদের ‘বার্বি ডল’। রুম্মান রশীদ খান, সূত্র: ওয়েবসাইট