নতুন জুটি আমিন খান-বাঁধন

প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করলেন চিত্রনায়ক আমিন খান ও লাক্স তারকা বাঁধন। রুদ্র মাহফুজের রচনা ও জিয়াউদ্দিন আলমের পরিচালনায় ‘ডিসকাউন্ট ইমরান’ নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় এ দুই তারকা। আগামী ঈদ উপলক্ষে নির্মিত হয়েছে নাটকটি। কাকরাইল, গুলশান ও উত্তরার বিভিন্ন মনোরম লোকেশনে নাটকটির শুটিং হয়েছে।
আমিন খানের সঙ্গে অভিনয় প্রসঙ্গে বাঁধন বলেন, ‘আমিন ভাইয়ের সঙ্গে কাজ করে মনেই হয়নি তাঁর সঙ্গে প্রথম কাজ করছি। খুবই ভালো একজন মানুষ তিনি। তাঁর পেশাদার মনোভাব আর অভিনয় দেখে আমি মুগ্ধ।’
অন্যদিকে আমিন খান বলেন, ‘আমি বেশ কয়েকটি টিভি নাটকে কাজ করেছি। অনেকের সঙ্গেই অভিনয় করেছি। কিন্তু বাঁধনের সঙ্গে কাজ করে মনে হয়েছে, সত্যিকারের একজন অভিনেত্রী তিনি। আমাকে সবচেয়ে মুগ্ধ করেছে তাঁর সময়ানুবর্তিতা। নাটকের শুটিংয়ে প্রতিদিনই ঠিক সময়মতো সেটে এসেছেন তিনি। আর গল্পটা অনেক মজার।’
নাটকে আমিন খান অভিনয় করছেন ইমরান চরিত্রে। আর বাঁধন অভিনয় করেছেন মৌ চরিত্রে। আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মডেল, অভিনেত্রী ও কোরিওগ্রাফার আর্শিনা প্রিয়া।