নতুন জুটি ইমরান-আনুশকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরের প্রথম বড় ছবি হিসেবে মুক্তি পেয়েছে বিশাল ভারদ্বাজের মাতরু কি বিজলী কা মানডোলা। বিদ্ঘুটে নামের কারণেই হোক আর ইমরান খান-আনুশকা শর্মা জুটির প্রথম ছবি বলেই হোক, মুক্তির আগে আলোচিত হয়েছিল ছবিটি। তবে এ সপ্তাহে মুক্তির পর হালে তেমন পানি পায়নি। প্রথম তিন দিনে ২২ কোটি ৪২ লাখ রুপি ঘরে তুলেছে বিশালের এই নতুন ছবি। ইমরান খান প্রায় এক বছর পর পর্দায় মুখ দেখালেন। গত বছরের ফেব্রুয়ারিতে মাত্র একটি ছবি এক ম্যায় ঔর এক তু, তারপর গায়েব। আনুশকাও গত বছর একটি ছবিতেই অভিনয় করেছিলেন—জাব তাক হ্যায় জান। দুটি ছবিই ছিল সফল। এমনকি ইমরান-আনুশকার ট্র্যাক রেকর্ডও অনেকের জন্য ঈর্ষণীয়। ২০০৮ সালে যাত্রা শুরু করা ইমরান-আনুশকার ঝুলিতে হিট ছবি উপচে পড়েছে। ইমরানের ক্যারিয়ারে ফ্লপ ছবি সর্বসাকল্যে দুটি—লাক ও কিডন্যাপ। আনুশকা সে তুলনায় অনেকটা এগিয়ে। পাতিয়ালা হাউস ছাড়া তাঁর ক্যারিয়ারে অন্য কোনো ফ্লপ ছবি নেই। এত হাইপ্রোফাইল তারকাদের নিয়ে বিশালের মতো সমালোচকপ্রিয় পরিচালক ছবি করেছেন, আশা ছিল অনেক। তবে সব আশা ভেসে গেছে বালুর বাঁধের মতো। যদিও সমালোচকেরা প্রশংসার ফুলঝুরি ঢেলে দিচ্ছেন। তবে জনতা-জনার্দন নাখোশ হলে সবকিছুই অর্থহীন হয়ে যায় একটা সময়।ইমরান এ ছবির জন্য জান দিয়ে খেটেছিলেন। ক্যারিয়ারে প্রথমবারের মতো দাঁড়ি রেখেছিলেন। হারিয়ানা-চরিত্র ‘মাতরু’কে বাস্তবধর্মী করার জন্য সেখানকার ভাষা রপ্ত করেছিলেন। অন্য সব ছবিতে কাজ করাও স্থগিত রেখেছিলেন। এ চরিত্রে অবশ্য বিশাল শুরুতে তাঁর পছন্দের অভিনেতা অজয় দেবগনকে পছন্দ করেছিলেন। অজয় ছবির চিত্রনাট্য পড়ে পছন্দ করেছিলেন ঠিক, তবে মাতরু চরিত্রের সঙ্গে নিজের বয়সকে মেলাতে পারেননি। আর তাই অজয়ের প্রস্থান, ইমরানের আগমন। অজয়ের পরিবর্তে ইমরানকে কেন? এ প্রশ্নটি ছিল স্বয়ং ইমরানের। তিনি বলেন, ‘আমাকে যখন বিশাল প্রথম এ ছবিতে অভিনয়ের প্রস্তাব দেন, আমি আকাশ থেকে পড়ি। মাকড়ি, মকবুল, ওমকারা, কামিনে ও সাত খুন মাফ-এর পরিচালক আমার মতো চকলেট বয়ের কাছে কেন এলেন? অজয়ের মতো সংবেদনশীল অভিনেতার ছেড়ে দেওয়া চরিত্রে আমার মতো নাদান-বাচ্চাকে কেন ভেবেছিলেন তিনি? প্রশ্নটা আমি সরাসরি বিশালকেই করি। আমার প্রশ্নের জবাবে বিশাল জানান, দিল্লি বেলি দেখে তিনি নাকি বুঝতে পেরেছিলেন আমাকে দিয়ে নিরীক্ষা করা যায়। মোটামুটি আমার ওপর পরিচালকের আস্থা দেখেই চোখ-কান বন্ধ করে তাঁর স্বপ্নের আকাশে নিজের পাখা মেলে দিয়েছিলাম। জানি না, কতটুকু সফল হতে পেরেছি।’ইমরানের নায়িকা আনুশকা অবশ্য তাঁর চেয়েও ইমরানকে এ ছবিতে এগিয়ে রাখতে চাইছেন। তিনি বলেন, ‘ইমরানের প্রথম ছবি জানে তু ইয়া জানে না দেখে ওর ভক্ত হয়ে গিয়েছিলাম। আমি জানি, ইমরান আমার চেয়েও মেধাবী অভিনেতা। ও আমির খানের ভাগনে। তুলনায় আমি এখনো অভিনয় শেখার চেষ্টা করে যাচ্ছি। তবে আমি ভাগ্যবতী, কারিনা কাপুর ছাড়া আমিই একমাত্র নায়িকা, যে কিনা ভাগনে ইমরানের পর এবার মামা আমির খানের বিপরীতেও নায়িকা হতে যাচ্ছি। রাজকুমার হিরানির পিকে ছবিতে আমিরের নায়িকা হতে যাচ্ছি আমি। “মাতরু”র শুটিংয়ে ইমরানকে অনেক জ্বালিয়েছি আমিরের ব্যাপারে রাজ্যের প্রশ্ন করে। লাভ হয়েছে দুটি। আমিরের ব্যাপারে জানতে গিয়ে আমি ইমরানের ভালো বন্ধু হয়ে গেছি। আশা করি, আমাদের জুটি ভবিষ্যতেও বলিউডে রং ছড়াবে।’ রুম্মান রশীদ খানবলিউড হাঙ্গামা, সিনেব্লিত্স, রেডিফ, স্টারডাস্ট অবলম্বনে