নতুন জুটির রসায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবস্থা দেখে মনে হচ্ছে, জগতের সব পশু-পাখি সোনম কাপুরের ভক্ত! অন্তত সাম্প্রতিক ঘটনাগুলো তো তেমনটিই ইঙ্গিত দেয়। নিউজিল্যান্ডে আই হেইট লাভ স্টোরিজ ছবির ‘সাদকা’ গানের শুটিং করছিলেন সোনম। হঠাৎ করেই তিনি পিছলে গিয়ে পড়েন গোবরের মধ্যে। পাশেই ছিল গরু। সোনম বুঝতে পারেননি গরু ততক্ষণে সব কর্ম (!) সম্পাদন করে ফেলেছে। কিছুদিন আগে একই ছবির প্রচারণা উপলক্ষে একটি রেডিও স্টেশনে গিয়েছিলেন সোনম। হঠাৎ স্টুডিওতে কাক এসে হাজির। সোনমের টানেই (!) বুঝি স্টুডিওতে কাকের উপস্থিতি। যথারীতি সোনমের মাথায়, কাপড়ে অঘটনের পর কাক বিদায় নিয়েছে। বেচারি সোনমের কান্না তখন দেখে কে! অবশ্য কথায় বলে, রাতের পর দিন আসে, দুঃখের পর সুখ। এ সপ্তাহে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত ছবি আই হেইট লাভ স্টোরিজ। শেষ পর্যন্ত সুপারহিট, নাকি ব্লকবাস্টার হিট হবে, সময়ই বলে দেবে। তবে এখন পর্যন্ত ‘মারমার-কাটকাট’ ব্যবসা করে চলেছে সোনমের এই ছবি। প্রথম দিনেই ছবির আয় সাত কোটি রুপি! অর্থাৎ অভিনয়জীবনের চতুর্থ বছরে এসে প্রথমবারের মতো হিটের দেখা পেলেন সোনম। সঞ্জয় লীলা বানসালি, রাকেশ ওমপ্রকাশ মেহরার মতো প্রতিষ্ঠিত পরিচালকেরাও যেখানে সোনমকে হিটের স্বাদ দিতে পারেননি, নতুন পরিচালক পুনিত মালহোত্রা তা পেরেছেন। নতুনেরা অবশ্য নায়ক ইমরান খানের জন্যও ‘লাকি’। ধুম, কাল-এর জনপ্রিয় পরিচালক সঞ্জয় গাঁদভি, সোহাম শাহ যেখানে ইমরানের হিটের রেকর্ড ধরে রাখতে পারেননি, নবাগত পুনিত তা পেরেছেন। প্রথম ছবি জানে তু ইয়া জানে নার পরিচালকও ছিলেন নতুন—আব্বাস টায়ারওয়ালা।ইমরানকে প্রথম ছবিতে দেখেই নাকি প্রেমে পড়ে গিয়েছিলেন সোনম। সংবাদ সম্মেলনে সোনম নিজেই তা স্বীকার করলেন, ‘ওর ঠোঁট, চোখের পাপড়িগুলো প্রথমবার দেখে মুগ্ধ হয়েছিলাম। ভেবেছিলাম, এত দিনে বুঝি আমি “সিঙ্গেল” পদ থেকে অবসর নিতে পারব। কিন্তু কী জ্বালা, পরে শুনি তিনি আরেকজনের হয়ে বসে আছেন! ইচ্ছা করলে অবশ্য খান সাহেবকে নিজের করে নিতে পারতাম। কিন্তু কী লাভ এত ঝামেলা করে?’ সোনমের রসিকতার সঙ্গে পাল্লা দিয়ে নয়, ইমরান বেশ সিরিয়াসলিই বললেন, ‘সাওয়ারিয়া দেখার পর ভেবেছিলাম, সোনমের সঙ্গে একটা ছবি করতেই হবে। কিন্তু কেউ প্রস্তাব দিচ্ছিল না। আই হেইট লাভ স্টোরিজ-এর প্রস্তাব পেয়ে নায়িকার নাম শুনেই রাজি হয়ে গিয়েছিলাম।’সোনম-ইমরানের এই পারস্পরিক ভালো লাগাই বক্স অফিসের মুখে হাসি ফুটিয়েছে। প্রায় সব সমালোচকই দুজনের চমৎকার রসায়ন নিয়ে বিগলিত মন্তব্য করছেন। এ কারণেই বুঝি ২৫ কোটি রুপির ছবি মুক্তির আগেই মূলধন উঠিয়ে ১৪ কোটি রুপি লাভ করেছে। এমনকি শাহরুখ খান, সালমান খানসহ বেশ কয়জন তারকা টুইটার টুইটস, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ছবি মুক্তির আগেই বিশ্বকে জানিয়ে দিয়েছিলেন এ জুটির প্রতি তাঁদের ভালো লাগার কথা। অবশ্য ছবি হিটের পেছনে প্রযোজক করণ জোহরের নাম, প্রচারণার কৌশল, এমনকি ব্যতিক্রমী নামটিও বড় ভূমিকা রেখেছে। আই হেইট লাভ স্টোরিজ-এর গানের অ্যালবামও মুক্তির আগে সুপারহিট; বিশেষ করে ‘বিন তেরে’ গানটি এখন পর্যন্ত বছরের সবচেয়ে বড় হিট।আই হেইট লাভ স্টোরিজ-এর গল্পের প্রয়োজনে সোনমকে বেশ কয়েকজন অভিনেত্রীর ব্যক্তিত্ব নিজের মধ্যে ধারণ করতে হয়েছে। প্রিটি ওম্যান-এর জুলিয়া রবার্টস, ফ্রেঞ্চ কিস-এর মেগ রায়ান, কুচ কুচ হোতা হ্যায়-এর কাজল, রানী; দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের কাজল, এমনকি শ্রীদেবী, মাধুরী দীক্ষিত, প্রীতি জিনতার রোমান্টিক-কমেডি ছবিও অনুসরণ করেছেন সোনম—অকপটেই জানালেন তিনি। যদিও নিজের প্রিয় অভিনেত্রী হিসেবে সোনম উল্লেখ করেন নার্গিস, নূতন, ওয়াহিদা রেহমান, মাধুরী দীক্ষিত, শ্রীদেবী, কাজল, রানী মুখার্জি এবং হলিউডে মেরিল স্ট্রিপের নাম। অভিনেতাদের মধ্যে একজনই, বাবা অনিল কাপুর। ইমরান অবশ্য এত নামের ঝামেলায় না গিয়ে ইচ্ছা প্রকাশ করেন, ‘সামনের ছবিগুলোয় কারিনা কাপুর কিংবা প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে কাজ করতে পারলে মন্দ হতো না!’ পর্দায় প্রেমবিরোধী হলেও বাস্তব জীবনে প্রেম করেই সম্প্রতি বাগদান সেরেছেন ইমরান খান। প্রেমিকা অবন্তিকার সঙ্গে আগামী বছরই বিয়ের পিঁড়িতে বসবেন। সোনম অবশ্য এখনো নিজেকে ‘সিঙ্গেল’ বলে দাবি করেন। তাঁর ভাষায়, ‘ভবিষ্যতে কারও সঙ্গে সম্পর্কে জড়ালেও প্রকাশ করব না। ব্যক্তি জীবনের খুঁটিনাটি নিয়ে লোকজন কথা বলুক, এটা আমার ভালো লাগবে না।’ আর আর খান, তথ্যসূত্র: ওয়েবসাইট