নতুন টিভি চ্যানেল এশিয়ান টিভি
শিগগিরই পরীক্ষামূলক সম্প্রচার শুরু করছে নতুন টিভি চ্যানেল এশিয়ান টিভি। এর আগে আনুষ্ঠানিকভাবে এই টিভি চ্যানেলের লোগো উন্মোচন করা হবে ২০ জুন। নতুন এই টিভি চ্যানেলের খবর জানানোর জন্য গতকাল শনিবার সকালে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন এশিয়ান টিভির প্ল্যানিং এডিটর সৈয়দ মিজানুর রহমান, চিফ অপারেটিং অফিসার (মার্কেটিং ও প্রোগ্রাম) বেণু শর্মা, বিজনেস এডিটর সুনীতি কুমার বিশ্বাস, ইভেন্টস বিভাগের প্রধান দেবাশীষ বিশ্বাস, এন্টারটেইনমেন্ট ও প্রোগ্রাম প্ল্যানিং বিভাগের প্রধান কামরুজ্জামান বাবু এবং এন্টারটেইনমেন্ট এডিটর সৈকত সালাউদ্দিন।সংবাদ সম্মেলনে জানানো হয়, চ্যানেলটিতে বিনোদনমূলক অনুষ্ঠান এবং ব্যবসা ও বাণিজ্য সংবাদ সম্প্রচার করা হবে। এরই মধ্যে রাজধানীর গুলশানে চ্যানেলটির প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।