নতুন ট্রান্সপোর্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্য ট্রান্সপোর্টার: রিফুয়েলড ছবিতে এড স্ক্রেইন
দ্য ট্রান্সপোর্টার: রিফুয়েলড ছবিতে এড স্ক্রেইন

অ্যাকশনধর্মী ছবি ব্যবসাসফল হবে, আর ওই ছবির সিক্যুয়াল হবে না, হলিউডে এমন নজির খুব একটা পাওয়া যাবে না। এই বছরটা যেন হলিউডে সিক্যুয়ালের বছর। মুক্তি পাচ্ছে একের পর এক জনপ্রিয় ছবির সিক্যুয়াল। টেকেন, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস, দ্য অ্যাভেঞ্জারস, টার্মিনেটর, মিশন ইম্পসিবল; এবার এই তালিকায় যোগ হলো দ্য ট্রান্সপোর্টার। ৪ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ছবিটি। আট বছর পর তৈরি হলো ‘ট্রান্সপোর্টার’ সিরিজের চতুর্থ ছবি, নাম দ্য ট্রান্সপোর্টার: রিফুয়েলড।
‘ট্রান্সপোর্টার’ কী? এই তো, একটু ঝামেলায় ফেলে দিয়েছি? যাঁরা এই সিরিজের আগের তিনটি ছবি দেখেছেন, তাঁরা তো জানেনই। আসলে ‘কী’ নয়, প্রশ্নটা হবে ‘কে’? ‘ট্রান্সপোর্টার’ হচ্ছে কুরিয়ার বহন করা একজন দক্ষ গাড়িচালক, মার্শাল আর্টে অভিজ্ঞ ফ্রাঙ্ক মার্টিনের আরেক নাম। টাকার বিনিময়ে দেশের যেকোনো প্রান্তে কোনো প্রশ্ন ছাড়াই যেকোনো জিনিস পৌঁছে দেওয়া তার পেশা। আগের ছবিগুলোতে বেশ অভিজ্ঞ মনে হলেও নতুনটিতে দেখা যাবে অপেক্ষাকৃত তরুণ বয়সের ফ্রাঙ্ককে। এই ছবিতে তার মিশন চার নারীকে সাহায্য করা। এই চার নারীর প্রতি যে অন্যায় হয়েছে, এর প্রতিশোধ নেওয়ার জন্য তাদের সহযোগিতা করে ফ্রাঙ্ক।
আগের ছবিগুলোতে ‘ট্রান্সপোর্টার’ চরিত্রে অভিনয় করেন জেসন স্ট্যাথাম। কিন্তু নতুন ছবিতে এই চরিত্রে অভিনয় করেছেন এড স্ক্রেইন। চরিত্রটির জন্য জেসন স্ট্যাথাম একদম মানানসই ছিলেন। ইস্পাতকঠিন ব্যক্তিত্ব, গাড়ি চালনায় অসাধারণ দক্ষতা, স্টান্ট; সবকিছু মিলিয়ে পর্দায় ফ্রাঙ্ক মার্টিনকে একেবারে বাস্তব করে তুলেছিলেন তিনি। কিন্তু এবার প্রযোজকদের সঙ্গে আর্থিক বিষয়ে মতের অমিল হওয়ায় চরিত্রটি ছেড়ে দেন জেসন স্ট্যাথাম। তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন এড স্ক্রেইন।
দ্য ট্রান্সপোর্টার: রিফুয়েলড ছবিতে কাজ করার জন্য অনেক ছাড় দিয়েছেন এড স্ক্রেইন। এই যেমন জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অব থ্রনস’ থেকে নিজেকে প্রত্যাহার করেছেন। জেসন ‘দ্য ট্রান্সপোর্টার’ সিরিজকে যে উচ্চতায় নিয়েছেন, তাঁর সঙ্গে পাল্লা দিয়ে এই ছবির দায়িত্ব হাতে নেওয়ার সাহস বা দুঃসাহস অনেকেই করবেন না। কিন্তু এই ব্যাপারটি নিয়ে একবারও ভাবেননি এড স্ক্রেইন। হলিউডে নিজের অবস্থান পোক্ত করতে প্রস্তাব পাওয়ামাত্রই তা লুফে নেন। এন্টারটেইনমেন্ট উইকলিকে দেওয়া এক সাক্ষাৎকারে স্ক্রেইন বলেন, ‘এই চরিত্রটির (ফ্রাঙ্ক) জুতা, স্যুট পরা, তাঁর মতো কাজ করা; আমি বলব এটা আমার জন্য আশীর্বাদ!’
অভিনয় কিন্তু মোটেও খারাপ করেননি এড স্ক্রেইন। কিন্তু সেই পুরোনো ব্যাপার, জেসন স্ট্যাথামের উচ্চতা ছুঁতে তাঁকে বেগ পেতে হচ্ছে।
‘দ্য ট্রান্সপোর্টার’ সিরিজের ছবিগুলোতে মেয়েদের চরিত্র থাকে অসম্ভব সাহসী। দ্য ট্রান্সপোর্টার: রিফুয়েলড ছবিতেও আছেন তেমনি একজন নারী। নতুন ছবিতে রহস্যময়ী এই নারীর চরিত্রে অভিনয় করেছেন নতুন মুখ, ফ্রান্সের মডেল লোয়ান শ্যাবানল।
সব মিলিয়ে দ্য ট্রান্সপোর্টার: রিফুয়েলড ছবিটি খারাপ হয়নি। নিখাদ অ্যাকশন-বিনোদন বলতে যা বোঝায়, তার সবই আছে ছবিতে। কিন্তু তবু দর্শকের কাছে ছবিতে জেসন স্ট্যাথামের না থাকার সুর হয়তো বেশি বেজেছে। তাই, এখন পর্যন্ত আশানুরূপ সাফল্য ঘরে তুলতে পারেনি ছবিটি।
এদিকে বলিউডের নির্মাতারা অজয় দেবগন কিংবা অক্ষয় কুমারকে নিয়ে এই ছবির রিমেক বানাবেন, এমন গুঞ্জনও শোনা যাচ্ছে।
এবার কথা হচ্ছে লন্ডনের ছেলে এড স্ক্রেইনের সঙ্গে। তিনি গানও করেন। ‘র্যাপার’ হিসেবে অনেকেই চেনেন তাঁকে। দ্য ট্রান্সপোর্টার: রিফুয়েলড ছবির মুক্তি উপলক্ষে বিভিন্ন গণমাধ্যমে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, নায়ক নয়, নায়কের চেয়ে খলনায়কের চরিত্রই বেশি পছন্দ তাঁর।
স্ক্রেইন প্রথম অভিনয় করেন একটি স্বল্পদৈর্ঘ্য ছবিতে, নাম মিশেল। ছবিটি মুক্তি পেয়েছিল ২০০৮ সালে। এরপর তিনি অভিনয় করেছেন আরও ১০টি ছবিতে। প্রথমটিতে ছিলেন খলনায়ক। এবার দেখা যাক, নায়ক হয়ে কেমন সাফল্য পান তিনি!
এন্টারটেইনমেন্ট উইকলি, ডেকান হেরাল্ড ও পিপল ম্যাগাজিন অবলম্বনে