নতুন তিন ধারাবাহিক আসছে এনটিভিতে
সম্প্রতি এনটিভিতে শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘শান্তি নিলয়’। আবুল হায়াতের রচনা ও অম্লান বিশ্বাসের পরিচালনায় নাটকটি প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত ৯.৪৫ মিনিটে প্রচারিত হচ্ছে। চলতি মে মাস থেকেই এনটিভিতে আরো তিনটি নতুন দীর্ঘ ধারাবাহিকের প্রচার শুরু হতে যাচ্ছে। এ প্রসঙ্গে চ্যানেলটির অনুষ্ঠান বিভাগের জনসংযোগ কর্মকর্তা পাভেল ইসলাম জানিয়েছেন, আগামী ১৩ মে থেকে শুরু হচ্ছে ধারাবাহিক নাটক ‘তবুও জীবন’। গোলাম রাব্বানী’র রচনা ও নঈম ইমতিয়াজ নেয়ামূলের পরিচালনায় নাটকটি সপ্তাহের প্রতি সোম ও মঙ্গলবার রাত ৮টা ১৫ মিনিটে প্রচারিত হবে। এ ছাড়া, ২১ মে থেকে সপ্তাহের প্রতি সোম ও মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটে প্রচারিত হবে শিহাব শাহীনের পরিচালনায় নাটক ‘ভালোবাসার চতুষ্কোণ’। আর তুহিন অবন্ত’র রচনা ও পরিচালনায় ২২ মে থেকে শুরু হচ্ছে আরেকটি ধারাবাহিক নাটক ‘কর্পোরেট’। নাটকটি সপ্তাহের প্রতি মঙ্গল ও বুধবার রাত সাড়ে এগারোটায় প্রচারিত হবে।