
‘থামলা ক্যান? এখন তো থামার সময় না, একটানে পুরাটা শেষ করো!’ পরীক্ষণ থিয়েটারের মঞ্চের সামনে দাঁড়িয়ে একজন নির্দেশনা দিয়ে যাচ্ছিলেন। তখন সন্ধ্যা সাড়ে ছয়টা। একটু পরেই ঊর্ণাজাল নাটকের প্রদর্শনী। প্রথম প্রদর্শনী। তাই প্রস্তুতি যেন শেষ হয়েও হচ্ছে না। মঞ্চে যখন শিল্পীরা শেষবারের মতো নাটকের অনুশীলন সেরে নিচ্ছিলেন, তখন বাইরে সাজসজ্জায় ব্যস্ত অন্য কর্মীরা। ফুল দিয়ে বাংলাদেশের বিশাল মানচিত্র বানানো হয়েছে। প্রদীপ জ্বলছে। উৎসব না হলেও একটি নতুন নাটক মঞ্চে আসার ঘটনাটি উৎসবের তুলনায় কম কিসে!
গতকাল বুধবার সন্ধ্যায় ঢাকার মঞ্চে যুক্ত হলো আরেকটি নতুন নাটক। নাটকের দল বাতিঘর গতকাল মঞ্চস্থ করল নতুন নাটক ঊর্ণাজাল। এটি নির্দেশনা দিয়েছেন তরুণ নির্দেশক বাকার বকুল। লিখেছেনও তিনি। নাটক মঞ্চায়নের আগে গতকাল দুপুরে যোগাযোগ হয় নির্দেশকের সঙ্গে। জানালেন, এটি নাট্যদল বাতিঘরের প্রথম পূর্ণাঙ্গ মঞ্চনাটক। এমনকি নির্দেশকেরও লেখা প্রথম নাটক এটি।
অল্প কথায় নাটকের কাহিনি জানালেন বাকার বকুল। বিদেশ থেকে শিক্ষাজীবন শেষ করে নিজ গ্রামে ফেরে খালেদ। দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ হয় গ্রামবাসীর। স্কুলের জন্য রেখে যাওয়া বাবার স্বপ্নের একখণ্ড জমিতে মাদ্রাসা গড়ে তোলে সে। অন্যদিকে, সাঁইজির আখড়ায় বেড়ে ওঠা গায়েন সয়ফুল খালেদের বাল্যবন্ধু। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে শিল্পের মনঃসংযোগ থেকে বিচ্ছিন্ন হয় শিল্পী। ঘুণে কাটে একতারাটি। চোখ দান করে যাওয়া জয়নাল গাতকের জানাজা পড়ানোর দায়ে ইমামের জিব কেটে নেয় কে বা কারা। সুযোগে ধর্মীয় মতবাদের আশ্রয়ে ঢুকে পড়ে অপকৌশল-কূটনীতি। এভাবেই এগিয়েছে নাটকের কাহিনি।
বাকার বকুল জানান, গল্পটি তাঁরই জীবনের একটি বিশেষ ঘটনা অবলম্বনে নির্মিত। নিজস্ব সংস্কৃতিকে চিনতে না পারার কারণেই ব্যক্তির অধঃপতন এ নাটকে ঘুরেফিরে এসেছে। বললেন, ‘কৈশোরে লালনগীতি শুনতাম এক বন্ধুর কাছে। আখড়াই ঢংয়ে বাদ্যযন্ত্রহীন কণ্ঠে অসাধারণ গাইত সে। লালন দর্শনতত্ত্ব নিয়ে আড্ডাবাজি হতো। বন্ধুটি শিক্ষক হয়ে উঠেছিল আমাদের। তারপর বন্ধুটির হঠাৎ পরিবর্তন। সংগীতকে সে পাপ হিসেবে দেখতে শুরু করে। এই নাটকে সয়ফুল চরিত্রটি কৈশোরের বন্ধুটিকে আশ্রয় করেই নির্মিত। মানুষের সুশিক্ষায় স্থির থাকতে না পারা, অশিক্ষাকে শিক্ষা বলে গ্রহণ করা এবং নিজস্ব সংস্কৃতিকে চিনতে না পারার দৃষ্টিহীনতা এই নাটকে ঘুরেফিরে এসেছে।’
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মুক্ত নীল, সজীব তানভীর, রবিউল ইসলাম, সৈয়দ মাসুম রেজা, ইন্দ্রাণী ঘটক, সাদিয়া ইউসুফ, সায়মা করিম, সঞ্জয় হালদার, ফিরোজ মুনীর, শিশির সরকার, তানবীর লিমন প্রমুখ।