নতুন দলের নতুন নাটক
মঞ্চনাটকে যুক্ত হলো নতুন রেপার্টরি থিয়েটার। নাট্যম রেপার্টরি নামের এই নাটকের দলের প্রথম নাটকের প্রদর্শনী হবে আজ শনিবার। নাটকের নাম দমের মাদার। বাংলার লোকরীতিভিত্তিক পরিবেশনা মাদার পীরের আখ্যান নিয়ে গড়ে উঠেছে নাটকের গল্প। লিখেছেন সাধনা আহমেদ। মাদার পীরের পালাগান করে—এমন একটি সম্প্রদায়কে ঘিরেই নাটকের কাহিনির সূত্রপাত। নির্দেশনা দিয়েছেন আইরিন পারভীন। আইরিন পারভীন বলেন, ‘ঐতিহ্যবাহী পরিবেশনাগুলোর অধিকাংশই এখন বিলুপ্তির পথে। সেগুলো পুনরুদ্ধার করে আধুনিক পরিবেশনা রীতির সঙ্গে মিলিয়ে তা মঞ্চে আনার পরিকল্পনা করেছি। আমরা কয়েকজন বন্ধু মিলে এই রেপার্টরি থিয়েটার গড়ে তুলেছি। এই দলের সবাই দীর্ঘদিন ধরে নাট্যচর্চার সঙ্গে যুক্ত। আশা করছি, নাট্যমের নতুন প্রচেষ্টা দর্শকের মনে দাগ কাটতে সক্ষম হবে।’ গত ২৭ এপ্রিল নাটকটির কারিগরি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আজ সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে।