নতুন দলের নতুন নাটক ‘অমাবস্যার কারা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মঞ্চনাটকে যুক্ত হলো আরেকটি নতুন দল। নাম ‘নটরণ’। দলের আত্মপ্রকাশ উপলক্ষে তারা মঞ্চে আনছে নতুন নাটক অমাবস্যার কারা। নাটকটি লিখেছেন প্রীতীশ বল এবং নির্দেশনা দিচ্ছেন দেবাশীষ ঘোষ। মুক্তিযুদ্ধের মধ্যভাগে রাজাকারদের সহযোগিতায় পাকিস্তান সেনাবাহিনী এ দেশের নিরীহ মানুষের ওপর নির্বিচারে নির্যাতন চালায়। তখন গ্রামে খবর আসে, ওই রাতেই পাকিস্তান বাহিনী হামলা চালাবে। এরপর গ্রামের পুরুষেরা সংগঠিত হয়ে নিজেদের মা-বোন-বউদের নিরাপত্তা নিশ্চিত করে। গ্রামের নারীদের এনে জড়ো করা হয় পরিত্যক্ত এক বাড়িতে। দলে দলে নারী, শিশু, কিশোরী, তরুণী, বৃদ্ধা বাঁচার তাগিদে ছোট ওই ঘরে গাদাগাদি করে আশ্রয় নেয়। এ ধরনের নানা জাতি-ধর্ম-বর্ণ-বয়সী এ দেশের কিছু মা-মেয়ে, স্ত্রী-বোনদের স্মৃতি, দুঃখস্মৃতি, আত্মকথা আর বেঁচে থাকার এক রাতের সংগ্রামের গল্প নিয়ে অমাবস্যার কারা। দেবাশীষ ঘোষ জানান, ‘অমাবস্যার কারা নাটকটি একটু ভিন্ন আঙ্গিকে করার চেষ্টা করেছি। ১৫ জন নারীশিল্পীকে মঞ্চে রেখে নাটকের গল্প বলা হয়েছে।’জানা গেছে, ১৮ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির কারিগরি প্রদর্শনী হবে। একই মিলনায়তনে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে ২০ নভেম্বর। নটরণের প্রধান জাহিদুর রহমান বলেন, ‘শুরুতেই মুক্তিযুদ্ধভিক্তিক গল্প নিয়ে কাজ করতে পেরে আমরা আনন্দিত।’