নতুন দলের নতুন নাটক ‘দমের মাদার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরাধিকারসূত্রে মাদার-বন্দনার প্রধান জরিনা বিবি। বছরের পর বছর পালন করে চলেছে মাদারের সব আনুষ্ঠানিকতা। পরম্পরা বজায় রাখতে অনেক বাধাবিপত্তিও পার হতে হয় তাকে। এদিকে এলাকার প্রভাবশালী ব্যক্তি চৌধুরীর দৃষ্টি পড়েছে জরিনা বিবির ভূসম্পত্তি ও তালুকের ওপর। কিন্তু মাদার-ভক্তদের একতার ভয়ে এবং মাদারের অলৌকিক শক্তি সম্পর্কে প্রচলিত জনমতের কারণে চৌধুরী সুবিধা করতে পারে না। তাই সে অপুত্রক বিধবা জরিনা বিবির নাতনি নূর বানুর সঙ্গে নিজের প্রতিবন্ধী নাতির বিয়ের প্রস্তাব দেয়। জরিনা বিবি অসম্মতি জানায়। একসময় জরিনা বিবিকে ধর্মবিরোধী বলে অভিযুক্ত করে চৌধুরী। এভাবেই এগিয়ে যায় নাটক দমের মাদার।দমের মাদার নাটকটি নতুন যুক্ত হলো ঢাকার মঞ্চনাটকে। নাটকের দল নাট্যম রেপার্টরি গতকাল শনিবার এ নাটকটি মঞ্চে এনেছে। এ নাটকের মঞ্চায়নের মধ্য দিয়ে গতকাল যাত্রা শুরু করেছে নাট্যম রেপার্টরি। বাংলার লোকরীতিভিত্তিক পরিবেশনা ‘মাদার পীরের আখ্যান’ নিয়ে গড়ে উঠেছে নাটকের গল্প। নাটকটি লিখেছেন সাধনা আহমেদ। নির্দেশনা দিয়েছেন আইরিন পারভীন। গতকাল জাতীয় নাট্যশালায় দমের মাদার এবং দলের উদ্বোধন ঘোষণা করেন বিশ্ব আইটিআইয়ের সভাপতি রামেন্দু মজুমদার।মাদার পীরের পালাগান করে—এমন একটি সম্প্রদায়কে ঘিরেই নাটকের কাহিনির সূত্রপাত। নাটকের একপর্যায়ে মাদার-বন্দনার প্রধান গায়েন হারুন জরিনা বিবির নাতনি নূর বানুর প্রেমে পড়ে। নূর বানু তা জানলেও হারুনের কাছে প্রকাশ্যে ধরা দেয় না। তবে হারুনের সঙ্গে তার বিয়ে দেওয়ার জন্য সে দাদিকে অনুরোধ করে। একসময় চৌধুরী গ্রাম্য সালিস ডাকে। কিন্তু সালিসে গ্রামের মানুষ ও মসজিদের ইমামের সম্মতি পেতে ব্যর্থ হয়ে মাদার-ভক্তদের আয়োজিত বারুণীর মেলায় আগুন লাগিয়ে মাদারের বন্দনা বন্ধের ঘোষণা দেয়। ফলে চৌধুরীর লাঠিয়াল ও মাদার-ভক্তদের মধ্যে সংঘর্ষ বাধে এবং হারুনের মর্মান্তিক মৃত্যু হয়। নূর বানু উপলব্ধি করে, নিজের অজান্তেই হারুনকে কত গভীরভাবে ভালোবাসে সে—দমের সাধক নূর তা-ই বেছে নেয় ইচ্ছামৃত্যু।