নতুন দায়িত্বে এজাজুল ইসলাম

হুমায়ূন আহমেদের বেশির ভাগ নাটকেই অভিনয় করেছেন তিনি। পেশায় চিকিৎসক হলেও অভিনেতা হিসেবে খ্যাতি পেয়েছেন এজাজুল ইসলাম। সম্প্রতি পেশাগত জীবনের একটি সুখবর দিলেন তিনি। সপ্তাহখানেক আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউক্লিয়ার মেডিসিন বিভাগের প্রধান হয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার প্রথম আলোকে তিনি বলেন, ‘সরকারি ডাক্তার হিসেবে আগে থেকেই কর্মরত ছিলাম। তারপর প্রায় ছয় মাস আগে ঢাকা মেডিকেলের ওই বিভাগে যোগ দিই। এখন পদোন্নতি পেয়ে বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি।’
চিকিৎসা ও অভিনয়জীবনের রসায়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘গত পরশু দিন নির্মাতা অনিমেষ আইচের সঙ্গে এ বিষয় নিয়েই কথা হচ্ছিল। এখন তো একেবারেই সময় পাব না। তাই বেছে বেছে কাজ করতে হবে। পেশাগত দায়িত্ব পালনের পরই অভিনয়ের জন্য সময় বের করব।’
হুমায়ূন আহমেদের হাত ধরে অভিনয়ে আসেন এজাজুল ইসলাম। তারপর অসংখ্য নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। বললেন, ‘ডাক্তার বলে হুমায়ূন আহমেদ স্যার থেকে শুরু করে সব নির্মাতার কাছেই সহযোগিতা পেয়েছি। শুটিং স্পটে গেলে সবাই আমার অংশটুকু আগে শেষ করে আমাকে ছেড়ে দেন।’