
দ্য হাঙ্গার গেমস সিরিজের শেষ ছবিতে ক্যাটনিস এভারডিন নামের তরুণীটি একটি বিদ্রোহের নেতৃত্ব দিয়েছেন। আর সেই চরিত্র রূপায়ণকারী জেনিফার লরেন্স বাস্তব জীবনেও বিদ্রোহের আভাস দিচ্ছেন। তাঁর হাত ধরেই কি হলিউডের পুরুষপ্রধান চলচ্চিত্রশিল্পে পরিবর্তন ঘটবে?
নারী অভিনয়শিল্পীরা যে পুরুষদের চেয়ে কম উপার্জন করেন, তা নিয়ে সরব হয়েছেন জেনিফার। আর এই কাজে তাঁকেই তো ভালো মানায়। কারণ, তিনি ইতিমধ্যে দেখিয়ে দিয়েছেন নারীপ্রধান অ্যাকশন ছবি যেমন সমালোচকদের মুগ্ধতা অর্জন করতে পারে, তেমনি ব্যবসায়িক সাফল্যও পায়।
জেনিফার গত মাসে এক সাক্ষাৎকারে বলেন, ‘পুরুষই চলচ্চিত্রের প্রধান চরিত্র হবে আর নারীরা হবেন সহযোগী। নারী নেতৃত্বের সঙ্গে পুরুষেরা মানিয়ে নিতে পারেন না’—এমন অনেক ভুল ধারণার প্রচলন ছিল এত দিন। আশা করি এসব সেকেলে মানসিকতা এবার দূর হয়েছে।
২৫ বছর বয়সী জেনিফার লরেন্স হলিউড চলচ্চিত্র জগতে ‘এই প্রজন্মের প্রধান তারকা’ হতে চলেছেন। বিনোদন ও সংস্কৃতি বিষয়ের ওয়েবসাইট ভলচার ডটকম এ রকমই মূল্যায়ন করেছেন। তারা সবচেয়ে দামি অভিনেত্রীদের যে তালিকা করেছে, তাতে টানা দ্বিতীয় বছরের মতো শীর্ষস্থান পেয়েছেন জেনিফার লরেন্স।
সিলভার লাইনিংস প্লেবুক ছবির জন্য ২০১২ সালে অস্কার পুরস্কার অর্জন করেছেন জেনিফার। এর আগের বছর এক্স-মেন: ফার্স্টক্লাস ছবিতে প্রথম বাণিজ্যিক সাফল্য পান তিনি। দ্য হাঙ্গার গেমস সিরিজও ব্যবসাসফল হচ্ছে। কল্পকাহিনিনির্ভর চলচ্চিত্র দ্য হাঙ্গার গেমস: মকিংজে-পার্ট ১ ২০১৪ সালে দ্বিতীয় সর্বোচ্চ আয় করেছিল। আর ২০ নভেম্বর যুক্তরাষ্ট্রে সিরিজের চতুর্থ ও শেষ ছবি দ্য হাঙ্গার গেমস: মকিংজে-পার্ট ২ মুক্তি পাওয়ার পর এখন পর্যন্ত ভালো আয় করেছে। ফ্রান্সিস লরেন্স পরিচালিত ছবিটি ইউরোপ, লাতিন আমেরিকা, এশিয়া ও মধ্যপ্রাচ্যে ১৮ নভেম্বর মুক্তি পায়।
কাল ২৭ নভেম্বর ছবিটি মুক্তি পাচ্ছে বাংলাদেশে, ঢাকার স্টার সিনেপ্লেক্সে আর ব্লকবাস্টার সিনেমাসে। এর আগে আজ ২৬ নভেম্বর ছবিটির উদ্বোধনী প্রদর্শনী হবে ব্লকবাস্টার সিনেমাসে।
ফোর্বস সাময়িকী গত বছর সবচেয়ে বেশি পারিশ্রমিক (৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার) পাওয়া অভিনেত্রী হিসেবে জেনিফার লরেন্সের নাম প্রকাশ করেছে। ভলচার ডটকমের সেরা তালিকায় তাঁর শীর্ষস্থানে থাকার কারণ হিসেবে বিভিন্ন কার্যক্রম, জনপ্রিয়তা, সামাজিক যোগাযোগমাধ্যমে উপস্থিতি, ব্যবসায়িক চাহিদা ও বিভিন্ন গুঞ্জনে সম্পৃক্ততা প্রভৃতি বিষয়ের উল্লেখ রয়েছে।
জেনিফার সম্প্রতি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে সাংবাদিকদের বলেছেন, ফ্রান্সিস লরেন্সের পরিচালনায় দ্য হাঙ্গার গেমস সিরিজের যে চরিত্রটি তাঁকে এত খ্যাতি দিয়েছে, সেই ক্যাটনিস এভারডিনকে বিদায় জানাতে কিছুটা খারাপই লাগছে। কারণ, কয়েক বছর ধরে মেয়েটি ছিল তাঁর জীবনের অংশ।
সিরিজের সর্বশেষ ছবিটি ইতিমধ্যে ২২০ কোটি ডলারের বেশি আয় করেছে। সুজান কলিন্সের ত্রয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত দ্য হাঙ্গার গেমস-এর কাহিনিতে রয়েছে ক্যাটনিস এভারডিনের লড়াইয়ের গল্প, যে কি না পানেম রাজ্যের ভীতিকর পরিবেশে টিকে থাকার অদম্য এক প্রয়াস চালায়।
বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে জেনিফার লরেন্স ধীরে ধীরে পূর্ণতা পাচ্ছেন। বিভিন্ন বিষয়ে তাঁর সচেতনতাও বাড়ছে।
কেন্টাকি অঙ্গরাজ্যের মেয়ে লরেন্স এখন পর্যন্ত যেসব চরিত্রে অভিনয় করেছেন তার সবই মূলত দৃঢ়চেতা ও শক্তিময়ী নারীর। নতুন যে ছবিটির কাজ শেষ করেছেন, তার নাম জয়। সেখানে জেনিফারের ভূমিকা এক ব্যবসায়ী পরিবারপ্রধানের। তবে জেনিফার লরেন্স মনে করেন না যে তাঁর অভিনয়ক্ষমতা সীমিত হয়ে পড়েছে। বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের সামর্থ্যও রাখেন তিনি। অভিনয়ের বাইরে শিগগিরই নতুন ভূমিকায় দেখা যাবে তাঁকে। তিনি অ্যামি শুমারের সঙ্গে একটি চিত্রনাট্য লেখার কাজে হাত দিয়েছেন। আর সেই কাহিনি অবলম্বনে ক্রিস প্যাটকে নিয়ে চলচ্চিত্রও নির্মিত হতে যাচ্ছে।
রয়টার্স ও এএফপি অবলম্বনে