নতুন দূরবীন
নতুন বছরে নতুন করে যাত্রা শুরু করেছে ব্যান্ড দূরবীন। ব্যান্ডের গুরুত্বপূর্ণ সদস্য আরফিন রুমীকে বাদ দিয়ে নতুন ও পুরোনো সদস্যদের নিয়ে আবার নিয়মিতভাবে কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছেন দূরবীনের প্রধান শহীদ। তিনি জানালেন, এরই মধ্যে তাঁরা ব্যান্ডের নতুন অ্যালবামের কাজ শুরু করেছেন। আরফিন রুমীকে বাদ দেওয়া প্রসঙ্গে শহীদ বলেন, ‘দূরবীন ব্যান্ডের শুরু থেকে আরফিন রুমীর অবদান অনেক। কিন্তু রুমীর ব্যক্তিগত কিছু ঘটনার কারণে বিভিন্ন মহল থেকে দূরবীন ব্যান্ডকে নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। তাই তাঁকে বাদ দিয়েই আমাদের নতুনভাবে ভাবতে হলো।’ এদিকে আরফিন রুমী বলেন, ‘আর ব্যান্ড নয়, আমি এখন সুরকার, সংগীত পরিচালক এবং সংগীতশিল্পী হিসেবেই ব্যস্ত থাকতে চাই। দূরবীন ব্যান্ডের সদস্য ছিলেন ১২ জন। তাঁদের মধ্য থেকে এখন আমার সঙ্গে আছেন নয়জন। তাঁরা আমার সঙ্গে নিয়মিত কাজ করছেন।’ দূরবীন ব্যান্ডের বর্তমান সদস্যরা হলেন: শহীদ (প্রধান কণ্ঠ), আইয়ুব (কণ্ঠ ও গিটার), রুবেল (ড্রামস), হূদয় (লিড গিটার), শাওন (বেস গিটার) ও রাফি (কম্পোজার ও কি-বোর্ড)।