নতুন ধারাবাহিক ‘শেয়ারবাজার ডটকম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারের বিভিন্ন কাহিনি উপজীব্য করে এবার নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক। ‘শেয়ারবাজার ডটকম’ নামের এই নাটকে আলোচিত শেয়ার ব্যবসার নিত্যনৈমিত্তিক ঘটনা এবং দরপতনের ফলে বিনিয়োগকারীদের অবস্থা তুলে ধরা হবে। গত শুক্রবার নাটকটির প্রিমিয়ার শোর আয়োজন করা হয়েছিল রাজধানীর একটি হোটেলে। এতে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি শাকিল রিজভী, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি ফখর উদ্দিন আলী আহমেদসহ নাটকের কুশীলবেরা। ১৩ পর্বে নির্মিত এই ধারাবাহিকটি পরিচালনা করেছেন নয়ন মিল্টন। নাটকটির কাহিনি আবর্তিত হয়েছে অমিত, কল্লোল, রবি ও শিমুল নামের চার যুবককে কেন্দ্র করে। উচ্চশিক্ষায় শিক্ষিত কল্লোল ও শিমুলের কোথাও চাকরি মেলেনি। স্বাধীনচেতা অমিত ও রবির আবার চাকরি করার কোনো ইচ্ছে নেই। অবশেষে এই চার বন্ধু পেশা হিসেবে বেছে নেয় শেয়ারব্যবসা। এই ব্যবসাকে কেন্দ্র করে বিভিন্ন ঘটনা ও দুর্ঘটনা নিয়েই এগিয়ে যাবে ধারাবাহিকটির গল্প।‘শেয়ারবাজার ডটকম’ নাটকের বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন অপূর্ব, দীপা খন্দকার, হিল্লোল, জেনি, হোমায়রা, নয়ন মিল্টনসহ আরও অনেকে। আগামী আগস্টে এই ধারাবাহিকটির প্রচার শুরু হবে। তবে কোন চ্যানেলে দেখা যাবে, সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেননি পরিচালক নয়ন মিল্টন।