নতুন ধারাবাহিকে জ্যোতিকা জ্যোতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বেলা অবেলা’ নামের নতুন একটি ধারাবাহিকের কাজ করছেন জ্যোতিকা জ্যোতি। গত সপ্তাহে ঢাকার অদূরে পুবাইলে নাটকটির শুটিংয়ে অংশ নেন তিনি। ধারাবাহিকটি পরিচালনা করছেন হাবিব মাসুদ। নতুন এই ধারাবাহিকটি প্রসঙ্গে জ্যোতি বলেন, ‘ছয় বন্ধুর জীবনের নানা গল্প নিয়ে বেলা অবেলা ধারাবাহিকটির কাহিনি গড়ে উঠেছে। আর এই ছয় বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন টেলিভিশন নাটকের কয়েকজন জ্যেষ্ঠ গুণী অভিনয়শিল্পী। এ নাটকে আমি এই ছয় বন্ধুর একজনের মেয়ের চরিত্রে অভিনয় করেছি। নাটকের গল্পটি আমার কাছে অসাধারণ মনে হয়েছে। কাজ করতেও ভালো লাগছে। সিনিয়র অভিনয়শিল্পী থাকাতে অনেক কিছু শিখতেও পারছি।’বেলা অবেলা ছাড়া জ্যোতি এখন ডজনখানেকেরও বেশি ধারাবাহিকে অভিনয় করছেন। এগুলো হচ্ছে ‘জাদুর শহর’, ‘অগ্নিপথ’, ‘বিজয়’, ‘ঘুড়ি উড়ে’, ‘রাঙ্গা মা’, ‘মোহন বাঁশি’, ‘যৌতুক’, ‘মেট্রো’, ‘হাত’, ‘সমীকরণ’, ‘স্বপ্নবিলাস’, ‘সোশ্যাল নেটওয়ার্ক’ ও ‘পিরিত নগর’ নামের বেশ কয়েকটি ধারাবাহিক নাটকে।ইতিমধ্যে জ্যোতি অভিনীত বেশ কয়েকটি নাটক বিভিন্ন চ্যানেলে এখন প্রচারিত হচ্ছে। এগুলোর মধ্যে এটিএন বাংলায় ‘পালাবার পথ নেই’ ও ‘আশা টকিজ’; আরটিভিতে ‘কলেজ রোড’; একুশে টিভিতে ‘রঙ্গিলা’; চ্যানেল নাইনে ‘আপন আপন খেলা’ এবং বৈশাখী টিভিতে ‘গৃহদাহ’ প্রচারিত হচ্ছে।এদিকে চলচ্চিত্রে অভিনয় সম্পর্কে জ্যোতিকা জ্যোতি বলেন, ‘নতুন একটি চলচ্চিত্রে অভিনয়ের ব্যাপারে ইতিমধ্যে একজন নির্মাতার সঙ্গে আলাপ চূড়ান্ত হয়েছে। কিছু কারণে আপাতত এর সম্পর্কে কিছু প্রকাশ করতে চাচ্ছি না।’