নতুন নতুন অনুষ্ঠান আনছে চ্যানেল আই

১৪ বছর পার করে ১৫ বছরে পদার্পণ করছে চ্যানেল আই। নতুন আরেকটি বছরে নতুন নতুন অনুষ্ঠান প্রচারের উদ্যোগ নিয়েছে চ্যানেলটি। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে পরিকল্পনা। সংবাদেও আনা হচ্ছে নতুনত্ব। তৈরি করা হয়েছে নতুন স্টুডিও। নতুন বছরে অনুষ্ঠান আর সংবাদ দিয়ে দেশ-বিদেশের দর্শকদের আরও কাছে যাবে চ্যানেল আই। সবকিছুই শুরু হচ্ছে আগামী ১ অক্টোবর, চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন থেকে। এসব জানিয়েছেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ।
গতকাল রোববার দুপুরে রাজধানীর চ্যানেল আই কার্যালয়ে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এখানে আরও উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। তিনি বিগত বছরগুলোতে চ্যানেল আইয়ের নানা অবদানের কথা তুলে ধরেন এবং ভবিষ্যতের পথচলার ব্যাপারে ধারণা দেন।
১ অক্টোবর ১৫ বছরে পদার্পণ করছে চ্যানেল আই। প্রতিষ্ঠাবার্ষিকীর এবারের স্লোগান, ‘লাল সবুজ আমাদের শক্তি’। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এরই মধ্যে দেশের বিভিন্ন জেলা এবং বিশ্বের বিভিন্ন দেশে নানা অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে।