নতুন নাটক 'মুল্লুক' আসছে শনিবার

শুক্রবার বিকেল। শিল্পকলা একাডেমী মহড়া কক্ষ থেকে ভেসে এলো আওয়াজ। আগ্রহ নিয়ে ভেতরে ঢুকে দেখা গেল নাটকের মহড়া চলছে সেখানে। একটি চা বাগানের শ্রমিকদের বঞ্চনা ও দাসত্বের কথা বলা হচ্ছে নাটকে।
যে নাটকের মহড়ায় দেখছিলাম তার নাম ‘মুল্লুক’। জানা গেল, বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে একাডেমির মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলীর ভাবনা ও বাকার বকুলের রচনা ও নির্দেশনায় হচ্ছে এ নাটক। নাটকটির প্রথম মঞ্চায়ন আগামীকাল শনিবার।
একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী জানান, মানবিক মূল্যবোধের অভাবে একদল মানুষ কীভাবে আরেক দল মানুষের ওপর দমন-পীড়ন চালায়, তা উঠে এসেছে এই নাটকে।

তিনি বলেন, ‘মূল্যবোধের অভাবে একটি জাতি নিঃশেষ হয়ে যেতে পারে। এমনকি সমগ্র মানব জাতি হুমকির মুখে পড়ে মূল্যবোধের অভাবে। আমরা চাই আমাদের সমাজে মূল্যবোধ-সম্পন্ন মানুষের সংখ্যা আরও বৃদ্ধি পাক। সুন্দর ও মানবতার বন্ধনে আবদ্ধ হোক সমাজ। এই রকম একটি প্রেক্ষাপট থেকেই বাংলাদেশ শিল্পকলা একাডেমি ৬৪ জেলার ৬৪টি নাটক নিয়ে ‘মূল্যবোধের নাটক’ নির্মাণ শীর্ষক কার্যক্রম হাতে নিয়েছে। এই কার্যক্রম সমাজের মানুষের মধ্যে মূল্যবোধের সঞ্চার করবে বলে আমাদের প্রত্যাশা।’ এ কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা বিভাগের নাটক ‘মুল্লুক’।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে নাটকটি দেখা যাবে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রবিউল ইসলাম, শশাংক শাহা, রুনা কাঞ্চন, সোহেল মন্ডল, শারমীন আক্তার, শফিকুল ইসলাম, নজরুল ইসলাম, সোহেল রানা, নায়ীমী নাফসীন, হাফিজা আক্তার ঝুমা, ইন্দ্রানী ঘটক, মেবিন হাসান, শামীম শেখ, আকাশ সরকার, তানবীর লিমন ও শান স্বপন।