
নাটকটির নাম সুখ চান্দের মোড়। প্রত্যন্ত এক গ্রামের চার রাস্তার সংযোগস্থলের নাম সুখচান্দের মোড়। এ মোড় থেকে বড় রাস্তার সঙ্গে পিচঢালা সংযোগ সড়ক নির্মাণ করা হচ্ছে। এ নিয়ে ব্যস্ত সবাই। শ্রমিক, শ্রমিকের ঠিকাদার, রাজমিস্ত্রি, নির্মাণ ঠিকাদার, ইঞ্জিনিয়ার এমনকি রাজনীতিবিদদের মধ্যেও এই ব্যস্ততা। এসব নিয়ে যে নাটক, সেই সুখ চান্দের মোড়-এর উদ্বোধনী প্রদর্শনী হলো গতকাল শুক্রবার।
সুখ চান্দের মোড় নাটকের মধ্য দিয়ে ঢাকার মঞ্চে যাত্রা শুরু করল নতুন দল ‘কিসসা কাহিনি’। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় নাটক মঞ্চায়ন করে নিজেদের প্রকাশ করল কিসসা কাহিনি। নাটকটি লিখেছেন আসাদুজ্জামান দুলাল এবং নির্দেশনা দিয়েছেন জসিম উদ্দিন।
সহজ-সরল নাট্য-আখ্যান সুখ চান্দের মোড়। শ্রমজীবী মানুষ শত শোষণ-বঞ্চনার মাঝেও যে জীবন-রসে সিক্ত হতে পারে, সে চিত্রটাই মূর্ত হলো নাটকের গল্পে। অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে তৈরি হচ্ছে এই গ্রামের রাস্তাটি। শুধু একটি রাস্তা তৈরি নয়, মুক্তিযুদ্ধের চেতনাও যুক্ত হয়ে যায় এই রাস্তার সঙ্গে। অভিনয়শিল্পীদের অঙ্গভঙ্গি, নাটকের সংলাপ দর্শকদের হাসির রসদ জুগিয়েছে বারবার। নাটক দেখতে দেখতে একপর্যায়ে দর্শকের মনে প্রশ্ন উঠতেই পারে, সত্যিই কি সুখ আর সম্ভাবনার প্রতীক এই রাস্তা? মুক্তিযুদ্ধের চেতনা কি যুক্ত হচ্ছে এই নির্মিতব্য অবকাঠামোর সঙ্গে! নাকি শ্রমিক থেকে রাজনীতিবিদ পর্যন্ত সুখসন্ধানী মানুষের পারস্পরিক শোষণের পর্যায়ক্রমিক কাঠামো পোক্ত×হচ্ছে এই কর্মযজ্ঞে!
নাটকটিতে বাংলাদেশের ঐতিহ্যবাহী নাট্যাঙ্গিক ‘সংযাত্রা’র প্রভাব দেখলেন দর্শক।