
সুনাগরিকের সন্ধানে ঢাকার মঞ্চে একটি নতুন সংযোজন। এনেছে লোক নাট্যদল (বনানী)। শিল্পকলা একাডেমীতে গতকাল নাটকটির তৃতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হয়। লোক নাট্যদলের নতুন প্রযোজনা সুনাগরিকের সন্ধানে। রাজনৈতিক প্রহসনকে উপজীব্য করে নির্মিত হয়েছে নাটকটি। হাস্যরসের মাধ্যমে সমাজকর্তাদের খামখেয়ালিপূর্ণ আচরণ, অসংগতি, নির্বুদ্ধিতা ও স্বেচ্ছাচারকে ব্যঙ্গ করা হয়েছে এ নাটকে। নাটকটি রচনা করেছেন মলয় ভৌমিক। নির্দেশনা দিয়েছেন খায়রুল আলম। গত এপ্রিল মাসে প্রযোজনাটির প্রথম মঞ্চায়ন হয়।
একটি নগরকে ঘিরে এই নাটকের কাহিনি। নাটকের একপর্যায়ে দেখা যায়, নগরকর্ত্রীর জন্মদিনকে ঘিরে ভাবনায় পড়ে যান নগরকর্তা ও নগরমন্ত্রী। অবশেষে বুদ্ধি বের হয়। ঠিক হয় নগরকর্ত্রীর জন্মদিনে নগরবাসীর মধ্য থেকে একজন সুনাগরিককে পুরস্কৃত করা হবে। ঢাকঢোল পিটিয়ে নগরবাসীকেও বিষয়টি জানিয়ে দেওয়া হয়। কিন্তু সুনাগরিক কীভাবে পাওয়া যাবে তা নিয়ে নতুন করে চিন্তায় পড়ে যায় মন্ত্রিসভা। সুনাগরিক হওয়ার তিনটি গুণ ঠিক করে দেন নগরপতি। কিন্তু এ নগরের প্রধান থেকে শুরু করে নগরপণ্ডিত পর্যন্ত সবার কাছেই পড়ালেখা করার মতো বুদ্ধিমত্তা হচ্ছে ‘নির্বুদ্ধিতা’, পরোপকার করা মানে আত্মসংযমবিরোধী কাজ, আর বিবেকের কথা বলাই বাহুল্য। এ নগরের কর্তা, মন্ত্রী কিংবা পণ্ডিতদের কাছ থেকে নগরের লোকেরা কোনো শিক্ষা বা বুদ্ধি নেননি। কাজেই একে একে সুনাগরিকের পরীক্ষা দিতে আসা যোগ্য নাগরিকেরা বাতিল হয়ে যান। কেননা, তাঁরা এ নির্বোধ নির্বাচকমণ্ডলীর মনের মতো হতে পারেননি।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তানভীর রাজীব, তানজিনা রহমান, মোজাম্মেল হক, মোজাক্কিও আলম রাফান, সুধাংশু নাথ, পথিক সোহেল, মিনহাজুল হুদা, মনিলাল হালদার, আলমগীর আকাশ, রাসেল রাজ, তানজিনা রহমান প্রমুখ। বেঙ্গল আর্ট লাউঞ্জে চারজন আলোকচিত্রীর দলগত আলোকচিত্র প্রদর্শনী
গুলশানে বেঙ্গল ফাউন্ডেশনের নতুন সাংস্কৃতিক কেন্দ্র এবং আর্ট গ্যালারি বেঙ্গল আর্ট লাউঞ্জের আয়োজনে চলছে চারজন আলোকচিত্রীর ‘লিম্ব’ শীর্ষক দলগত আলোকচিত্র প্রদর্শনী। গত শুক্রবার সন্ধ্যায় বেঙ্গল আর্ট লাউঞ্জে এ প্রদর্শনীর উদ্বোধন করেন আলোকচিত্রী এবং সিনেমাটোগ্রাফার আনোয়ার হোসেন।
প্রদর্শনীতে প্রায় ৭০টি আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনী ৩০ জুন পর্যন্ত চলবে।
প্রদর্শনীতে অংশগ্রহণকারী আলোকচিত্রীরা হলেন দেবাশীষ সোম, সরকার প্রতীক, সুমন আহমেদ ও সৈয়দ আসিফ মাহমুদ। আমাদের চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন অপ্রত্যাশিত, অমানবিক এবং অস্বস্তিকর পরিবর্তন ও রূপান্তরকে বিষয় করে তোলা আলোকচিত্রগুলো এ প্রদর্শনীতে প্রদর্শিত হচ্ছে।