নতুন নির্মাতাদের ছবির উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও শুরু হলো তরুণ নির্মাতাদের ছবি নিয়ে উৎসব। এ উপলক্ষে ঢাকায় বছরব্যাপী থাকবে নির্বাচিত ছবির প্রদর্শনী।
গত বুধবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে উদ্বোধন হলো ‘নতুন চলচ্চিত্র নতুন নির্মাতা চলচ্চিত্র উত্সব ২০১৬-১৭’-এর দ্বিতীয় আবর্তনের। দেখানো হলো আগস্টের নির্বাচিত চারটি স্বল্পদৈর্ঘ্য ও একটি প্রামাণ্য চলচ্চিত্র। এ ছাড়া গত বছরের উত্সবের তিনটি বিভাগের নির্বাচিত শ্রেষ্ঠ তিন চলচ্চিত্রকারের প্রত্যেককে দেওয়া হলো ৫০ হাজার টাকার চেক।
শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে উত্সবের উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন চলচ্চিত্রকার সৈয়দ সালাহউদ্দিন জাকী। অনুষ্ঠানে ‘সিনেমা ফাইভ’ নামে গণ–অর্থায়ন সংগ্রহের মাধ্যমে চলচ্চিত্র প্রযোজনার একটি কর্মসূচি ঘোষণা করেন উত্সব পরিচালক বেলায়াত হোসেন।
গত উৎসবে জহির রায়হান শ্রেষ্ঠ কাহিনিচিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক আকরাম খান বলেন, ‘শৈল্পিক ছবি দেখানোর একটি জায়গা ও উৎসব পাওয়ায় ভালো হয়েছে। এ ধরনের ছবি বানানোয় তরুণদের আগ্রহ বাড়বে।’
বছরব্যাপী স্বল্পদৈর্ঘ্য, পূর্ণদৈর্ঘ্য এবং প্রামাণ্য চলচ্চিত্র নিয়ে এ উৎসব ও প্রতিযোগিতার যৌথ আয়োজন করেছে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি।