নতুন ন্যান্সি
শুক্রবার, বেলা ১১টা। উত্তরায় ন্যান্সির বাসা। ন্যান্সির মুঠোফোনটা কিছুক্ষণ পরপরই বেজে উঠছে। কখনো ন্যান্সি কথা বলছেন, কখনো খুদে বার্তা আপন মনে পড়ছেন। কয়েকটি পত্রিকায় ন্যান্সির বিবাহবিচ্ছেদের খবর প্রকাশিত হয়েছে। খবর দেখেই ন্যান্সির ভক্ত-পরিচিতজনেরা ফোন করছেন, মুঠোফোনে বার্তা পাঠাচ্ছেন।ন্যান্সির সঙ্গে আড্ডার শুরুতেই এল বিচ্ছেদের প্রসঙ্গ। ন্যান্সি বলেন, ‘পুরো ব্যাপারটি আমার একান্ত ব্যক্তিগত এবং পারিবারিক। এই নিয়ে কিছু বলতে ইচ্ছে করছে না।’কিছুক্ষণ চুপ থাকার পর শ্রোতাদের কথা ভেবেই হয়তো ন্যান্সি বললেন, ‘সৌরভের সঙ্গে আমার পরিচয় হয়েছিল হঠাৎই। ও ছিল র্যাম্প মডেল। দুই মাস পর নিজেদের সিদ্ধান্তে আমরা বিয়ে করি। সময়টা ছিল ২০০৬ সাল। তখন অবশ্য পারিবারিকভাবে আমাদের বিয়ে কেউ মেনে নেয়নি। আমার মেয়ে রোদেলা মা-বাবার সঙ্গে আমাদের সম্পর্ক উন্নয়নে দারুণ ভূমিকা রেখেছিল। ও হওয়ার পরই আমার মা-বাবা ধীরে ধীরে সবকিছু মেনে নেন। কিন্তু সৌরভের সঙ্গে কিছু সমস্যা তৈরি হয়। বিভিন্ন বিষয়ে আমাদের ঠিক মনের মিল হচ্ছিল না। সমস্যাটি আমার গানের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। শেষ পর্যন্ত আমরা দুজন সমঝোতার মাধ্যমে ছয় বছরের সংসারজীবনের ইতি টানার সিদ্ধান্ত নিই।’গত বৃহস্পতিবার রাতে ন্যান্সি গান করেছেন আরটিভিতে, মিউজিক ফেস্ট অনুষ্ঠানে। স্টুডিও থেকে সরাসরি প্রচারিত এই অনুষ্ঠানে ন্যান্সি গেয়েছেন নজরুলের গান। অনুষ্ঠান শেষ করে বাসায় ফিরেছেন রাত তিনটা নাগাদ। জানালেন, রাতে তেমন ঘুম হয়নি। কেমন যেন একটা মানসিক চাপ অনুভব করছেন। ন্যান্সির বিবাহবিচ্ছেদ হয় গত মার্চ মাসে। কিন্তু এরপর নানা বৈষয়িক ও সাংসারিক চিন্তা মাথায় এসে ভিড় করছে। তাই তো কিছুদিন নেত্রকোনায় বাবার বাসায় থেকে এলেন। ঢাকায় ফিরেছেন মঙ্গলবার। কথা প্রসঙ্গে জানা গেল, দু-এক দিনের মধ্যে ন্যান্সি আবারও বাবার বাসায় যাচ্ছেন। নেত্রকোনায় নিজের একটা বাড়ি করেছেন তিনি। ৫০ শতক জায়গার ওপর দোতলা বাড়ি। আশপাশে অনেক গাছ-গাছালি। ‘সবাই তো ঢাকায় ফ্ল্যাট কেনে, আমি না হয় একটু দূরেই কিছু করি। ভেবেছিলাম গাড়ি কিনব। শেষে ওই টাকা দিয়ে বাড়ির কাজ শুরু করি। তারপর আস্তে আস্তে অনেক দিন সময় নিয়ে বাড়ির বাকি কাজ শেষ করছি।’ বলছিলেন ন্যান্সি। জানালেন, এবার নেত্রকোনায় যাওয়ার সময় টাইলস কিনে নিয়ে যাবেন। আগামী মাস দুয়েকের মধ্যে পুরো বাড়ির কাজ শেষ হবে।নেত্রকোনায় স্থায়ীভাবে থাকার ইচ্ছা নেই তাঁর। যাওয়া-আসার মধ্যেই থাকবেন। কেবল গানের কারণেই ঢাকায় থিতু হওয়া। গানের মাঝেই যে অন্য রকম শান্তি খুঁজে পান তিনি। ন্যান্সির বসার ঘরের পাশের শোকেসে একসঙ্গে সাজিয়ে রাখা ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’-এর ট্রফিগুলো। জনপ্রিয় কণ্ঠশিল্পী হিসেবে পর পর তিনবার এই পুরস্কার পেয়েছেন ন্যান্সি। গত ৪ এপ্রিল বাজারে এসেছে ন্যান্সির নতুন অ্যালবাম রঙ। পুরো অ্যালবামের গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন হাবিব। এবারের গানগুলো নিয়েও ন্যান্সির অনেক স্বপ্ন। বলেন, ‘গানগুলো নিয়ে হাবিব ভাই অনেক পরিশ্রম করেছেন। আমিও ভালো কিছু গান গাওয়ার চেষ্টা করেছি। শ্রোতাদের যদি ভালো লাগে, তাহলেই আমাদের সবার পরিশ্রম সার্থক হবে।’শুক্রবার ছিল নজরুল জন্মজয়ন্তী। জানালেন, দুপুরে তাঁকে যেতে হবে বাংলাভিশন কার্যালয়ে, নজরুলের গান নিয়ে একটি অনুষ্ঠান হবে। সেখানে গান করবেন তিনি। নেত্রকোনায় তাঁর বাবার বাসায় ঘন ঘন যাওয়ার আরেকটি কারণ হলো, নিয়মিত সংগীতসাধনা। ন্যান্সি বলেন, ‘ওখানে আমি নিশ্চিন্তে কণ্ঠচর্চা আর সংগীত সাধনা—সবই করতে পারি। এখন রোদেলা আর গানই আমার সবকিছু।’খুব জানতে ইচ্ছে হচ্ছিল, ন্যান্সি এখন নিজের ভবিষ্যৎ নিয়ে কী ভাবছেন? আবারও কিছুক্ষণ নীরবতা। তারপর ন্যান্সি বলেন, ‘সময়ই সবকিছু বলে দেবে।’এবার ছবি তোলার পালা। আলোকচিত্রী কবির হোসেন ন্যান্সিকে নিয়ে ছাদে কিংবা বাসার বাইরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু ন্যান্সি বলেন, ‘মনটা ভালো নেই। বাইরে গিয়ে ছবি তুলতে ইচ্ছা করছে না। আজকের ছবিগুলো না হয় বসার ঘরেই তুলুন।’ শেষ পর্যন্ত ন্যান্সির অনুরোধই রাখা হলো। বসার ঘরের আধো আলো আর আধো অন্ধকারেই তোলা হলো ন্যান্সির ছবি।