নতুন পথে প্রমিথিউসের যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অডিও ইন্ডাস্ট্রিতে একদিকে পাইরেসি, অন্যদিকে প্রযোজনা প্রতিষ্ঠান এবং শিল্পীদের মধ্যকার সম্পর্ক নিয়ে যখন টানাপোড়েন চলছে ঠিক তখনই নতুন পথে হাঁটতে শুরু করেছে ব্যান্ড ‘প্রমিথিউস’। প্রমিথিউসের এই নতুন যাত্রায় তাঁরা নিজেদের গানগুলো ইন্টারনেটের মাধ্যমে ফ্রি ডাউনলোড করার সুযোগ করে দিয়েছে ভক্ত-শ্রোতাদের। এখন থেকে যে কেউ চাইলেই (www.prometheusbd.com) এই ঠিকানায় থেকে বিনা খরচে ডাউনলোড করতে পারবেন প্রমিথিউসের গান। এ বিষয়ে বিস্তারিত জানাতে গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি স্থানীয় রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে তাঁরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি কাজী রোজী, প্রমিথিউস ব্যান্ডের সদস্যরাসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা। সংবাদ সম্মেলনে জানানো হয় ওয়েবসাইটটিতে এখন প্রমিথিউসের নতুন সাতটি গান পাওয়া যাচ্ছে। এগুলোর শিরোনাম ‘শ্রাবণের হাওয়া’, ‘থুই’, ‘গুরু তোমায় সালাম’ (বিপ্লব ও আগুনের দ্বৈ), ‘গর্জে ওঠো’, ‘জিজ্ঞাসা’, ‘কাফনের কাপড়ে পকেট থাকে না’ ও ‘যাত্রা’। এ ছাড়া আছে প্রমিথিউসের জনপ্রিয় ২২টি গান। আর ভিডিও ডাউনলোড অপশনে গেলে পাওয়া যাবে ‘তুই’ ও ‘স্বপ্নপুরী’ গানের মিউজিক ভিডিও। বিপ্লব বলেন, ‘বাংলাদেশের অডিওশিল্পে এখন এক ধরনের অস্থিরতা চলছে। পাইরেসিসহ নানা জটিলতার কারণে শিল্পী থেকে শুরু করে প্রযোজনা প্রতিষ্ঠান—সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। পাইরেসির বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ হিসেবে নিজের গান শ্রোতাদের বিনা মূল্যে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ বিপ্লব আরও বলেন, ‘এখন থেকে শ্রোতারা প্রমিথিউসের নতুন ও পুরোনো যেকোনো গানের এমপিথ্রি ও মিউজিক ভিডিও প্রমিথিউস এমপিথ্রি ফ্রি আউটলেট থেকে বিনা মূল্যে সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া গত ২৫ বছরে প্রমিথিউসের যত গান বেরিয়েছে, সেগুলোও শুনতে পারবেন।’ বিপ্লব জানান, পুরো অ্যালবাম নয়, এখানে একটি গান একটি প্রতিষ্ঠান পৃষ্ঠপোষকতা করবে। এতে কারও ওপর চাপ পড়বে না।বিপ্লবের নতুন গানগুলোর পৃষ্ঠপোষক ঢাকা ব্যাংক, ইউসিবিএল ব্যাংক, স্বদেশ প্রপার্টিজ লিমিটেড, ওশান গ্রুপ, দিনিয়ার গার্মেন্টস ও পম্প টেইলার্স।