নতুন পরিকল্পনা নিয়ে মাইলস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনটি ওপেন এয়ার কনসার্ট—দুটি ঢাকায়, একটি চট্টগ্রামে; টিভিতে ফোনোলাইভ কনসার্ট আর মার্চের মধ্যেই নতুন অডিও অ্যালবাম বের করার পরিকল্পনা নিয়েছে ব্যান্ড মাইলস। পাশাপাশি কিছু সামাজিক কর্মকাণ্ডেও দলটি ব্যস্ত থাকবে। দলের নতুন এ পরিকল্পনার কথা জানালেন মাইলসের অন্যতম সদস্য হামিন আহমেদ। সম্প্রতি মাইলস ছেড়েছেন দলের অন্যতম সদস্য শাফিন আহমেদ। তিনি দল ছাড়ার পর গান নিয়ে যে জটিলতা তৈরি হয়, সে সম্পর্কে জানতে চাইলে হামিন বললেন, ‘আমরা আইনের বাইরে যাব না। শাফিন যে গানগুলো (দরদিয়া, প্রথম প্রেমের মতো, জাতীয় সংগীতের দ্বিতীয় লাইন, পলাশির প্রান্তর, হ্যালো ঢাকা, কত কাল প্রভৃতি) কম্পোজ করেছে, সেগুলো সে গাইতে পারবে। তবে মাইলসের করা কোনো মিউজিক ট্র্যাক (দলের অনুমতি সাপেক্ষে) যদি কোথাও ব্যবহূত হয়, তবে সেই গানের সম্মানী দল যতটুকু প্রাপ্য, ততটুকুই দিতে হবে। আর যে গানগুলো (চাঁদতারা, ধিকিধিকি, জ্বালা, ফিরিয়ে দাও, পিয়াসী মন, তোমার আশায়, নীল নয়ন, ভুলব না তোমাকে প্রভৃতি) মাইলসের সুর ও কম্পোজ, সেগুলো শাফিন গাইতে পারবে না।’ ভবিষ্যতে যদি শাফিন আহমেদ দলে ফিরে আসার ইচ্ছে পোষণ করেন, তবে কী সিদ্ধান্ত হবে—এমন প্রশ্নের উত্তরে হামিন আহমেদ বলেন, ‘দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, ওর দল ছাড়ার বিষয়টি আরও সুন্দর হতে পারত। এই ব্যান্ডটির বয়স ৩০ বছর। এ ধরনের কোনো কিছু ঘটলে দল উদারতাই দেখাবে।’