নতুন পরিচয়ে কুমার বিশ্বজিৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দর্শকদের সামনে নতুন পরিচয়ে হাজির হতে যাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। অবশ্য তাঁর এই নতুন পরিচয়টি জানার জন্য সবাইকে অপেক্ষা করতে ঈদ পর্যন্ত। ঈদের একটি অনুষ্ঠানের উপস্থাপনা করছেন বিশ্বজিত্। নাম ‘ধ্রুবতারা’। কুমার বিশ্বজিৎ-এর দীর্ঘ সংগীত জীবনের ক্ষেত্রে এটি প্রথম কোনো ঘটনা। ‘ধ্রুবতারা’ নামের এই অনুষ্ঠানে কুমার বিশ্বজিত্ উপস্থাপন করবেন বাংলাদেশের সংগীতের চার ধ্রুবতারাকে। এরা হলেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, নিয়াজ মোহাম্মদ চৌধুরী ও মমতাজ।নতুন এই পরিচয় সম্পর্কে কুমার বিশ্বজিৎ প্রথম আলো ডটকমকে বলেন, ‘সংগীতের যে চার ধ্রুবতারাকে নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন, তাঁরা চারজনই ব্যক্তিগতভাবে আমার খুবই পছন্দের। তবে অনুষ্ঠানটি করার আগে তাঁদের সম্পর্কে আমাকে অনেক প্রস্তুতিও নিতে হয়েছে। পুরো অনুষ্ঠানে আমি দর্শকদের নতুন কিছু জানানোর চেষ্টা করেছি। এ অনুষ্ঠানে সবাই জানতে পারবেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, নিয়াজ মোহাম্মদ চৌধুরী ও মমতাজের সংগীতের ধ্রুবতারা হয়ে ওঠার গল্পও। কুমার বিশ্বজিৎ আরও বলেন, এটা নিশ্চিত করে বলতে পারি রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, নিয়াজ মোহাম্মদ চৌধুরী ও মমতাজের জীবনের অনেক অজানা গল্প এই অনুষ্ঠানের মাধ্যমে সবাই জানতে পারবেন।জানা গেছে, চ্যানেল টুয়েন্টি ফোরের জন্য নির্মিত ধ্রুবতারা অনুষ্ঠানটি ঈদের দিন থেকে টানা চার দিন প্রচারিত হবে। চার পর্বের এই অনুষ্ঠানে প্রথম পর্বে থাকবেন রুনা লায়লা, দ্বিতীয় পর্বে এদেশের সংগীতের ‘ফোক সম্রাজ্ঞী’ খ্যাত মমতাজ, তৃতীয় পর্বে ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী এবং চতুর্থ দিনে থাকবেন সাবিনা ইয়াসমিন।