নতুন পরিচয়ে নিরব
নিরবকে কম বেশি সবাই মডেল-অভিনেতা ও চিত্রনায়ক হিসেবেই চেনেন। এবারে এর সঙ্গে নতুন একটি পরিচয়ও যুক্ত হচ্ছে। এবারে ফ্যাশন হাউসের ব্যবসার সঙ্গে যুক্ত হলেন নিরব। গতকাল শুক্রবার রাজধানী ঢাকার শুক্রাবাদের মেট্রো শপিং সেন্টারে আনুষ্ঠানিকভাবে নিরবের ফ্যাশন হাউসটির যাত্রা শুরু হয়েছে। নাম রাখা হয়েছে ‘ও হো’।প্রথম আলো ডটকমকে এ প্রসঙ্গে নিরব বলেন, ‘এ বছরের শুরুর দিকে ঢাকায় বিপিএল চলাকালে আমি আর বন্ধু ইমন মিলে পেইজ থ্রি নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম করেছিলাম। তখন থেকে ভাবনা ছিল অন্যরকম আরও কিছু করার। মূলত সেই চিন্তা থেকেই ফ্যাশন হাউসের ভাবনা। তারপর বিষয়টি নিয়ে বন্ধু-বান্ধবের সঙ্গে আলাপ করি। আমার এই নতুন উদ্যোগটিকে তারা স্বাগত জানায়। তাই ঈদের আগে এটি চালু করলাম।’নিরবের ফ্যাশন হাউসের উদ্বোধন উপলক্ষে তাঁকে শুভেচ্ছা জানাতে শোরুমে উপস্থিত ছিলেন ইমন, নিপুণ, শিমলা, সিদ্দিক, দেবাশীষ বিশ্বাস, তানভীর, নেয়ামুলসহ আরও অনেকে। প্রসঙ্গত, এবারের ঈদে নিরব অভিনীত একটি ছবিও মুক্তি পাচ্ছে। আশরাফুর রহমানের পরিচালনায় ‘তুমি আসবে বলে’ নামের এ ছবিতে নিরবের সহশিল্পী নিপুণ। ছবিটি প্রসঙ্গে নিরব বলেন, ‘এ পর্যন্ত আমার ১৪টি ছবি মুক্তি পেলেও ‘তুমি আসবে বলে’ কিন্তু আমার ক্যারিয়ারের তৃতীয় চলচ্চিত্র। কাজ শুরু করেছিলাম তিন বছর আগে। অবশ্য প্রথমে ছবিটির নাম ছিল- ‘তুমি আসবে বলে ভালোবাসবে বলে’। ছবিটি নিয়ে আমি অনেক আশাবাদী।