নতুন পরিচয়ে ফেরদৌস
ফেরদৌস এবার অভিনয় করবেন যুক্তরাজ্যের একটি চলচ্চিত্রে। নাম পরিচয়। পরিচালক রূপালী গুহ। ছবিটি প্রযোজনা করছে ব্রিটিশ একটি প্রতিষ্ঠান। গতকাল শনিবার সকালে সেখানে যাওয়ার আগে ফেরদৌস জানান, এই ছবিতে তাঁর সঙ্গে আরও অভিনয় করবেন প্রসেনজিৎ। টানা ১৫ দিন ছবিটির শুটিং হবে নিউক্যাসলে। ফেরদৌস বলেন, ‘অনেকেই বিদেশি পাসপোর্ট পাওয়ার পর নিজেকে ওই দেশের নাগরিক ভাবতে শুরু করে। কিন্তু আমার হয়েছে উল্টোটি। ছবিতে আমি মনেপ্রাণে বাঙালি। আর প্রসেনজিৎ ভুগছেন পরিচয়সংকটে। ছবিতে হাতেগোনা কয়েকটি চরিত্র।’ তিনি আরও বলেন, ‘চলচ্চিত্রে আমার শুরুটা হয়েছিল বাসু চ্যাটার্জির ছবি দিয়ে। এবার কাজ করব তাঁরই মেয়ে রূপালী গুহর সঙ্গে।’ফেরদৌস জানালেন, এর আগে প্রসেনজিতের সঙ্গে তিনি ফুল অর পাথর ও প্রতিহিংসা ছবিতে অভিনয় করেছিলেন। ওই দুটি ছবিতেই প্রসেনজিৎ অভিনয় করেন নেতিবাচক চরিত্রে। তাঁর এবারের চরিত্রটিও প্রায় তেমনই।নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী পরিচয় ছবিটি যুক্তরাজ্য, বাংলাদেশ আর ভারতের কলকাতায় মুক্তি দেওয়া হবে।