নতুন পরিচয়ে মুনমুন, ফেরদৌস ও পূর্ণিমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২ মে মঙ্গলবার থেকে নতুন পরিচয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন চলচ্চিত্র অভিনয়শিল্পী ফেরদৌস, পূর্ণিমা ও নৃত্যশিল্পী মুনমুন আহমেদ। দেশের সেরা নৃত্যশিল্পীর খোঁজে চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১২-এর ২১ প্রতিযোগীকে নিয়ে কাল থেকে শুরু হচ্ছে প্রতিযোগিতার মূল পর্ব। মূল পর্ব থেকে তাঁরা প্রধান বিচারক হিসেবে যোগ দিচ্ছেন।প্রতিযোগিতার প্রধান তিন বিচারকের একজন মুনমুন আহমেদ বলেন, ‘শুধু নাচ নিয়ে এ ধরনের একটি আয়োজনের জন্য চ্যানেল আই কর্তৃপক্ষকে ধন্যবাদ। আমাদের দেশে নাচের আলাদা কোনো মহড়া কক্ষ না থাকা সত্ত্বেও সবাই কিন্তু বেশ ভালোই করছে। আমি মনে করি, এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে নাচের চর্চাটা আরও বেগবান হবে।’ তিনি আরও বলেন, ‘নাচ নিয়ে এ ধরনের আয়োজনে বিচারক হিসেবে যুক্ত হতে পেরে অনেক ভালো লাগছে।’এ প্রসঙ্গে চিত্রনায়িকা পূর্ণিমা বলেন, ‘এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা নতুন কয়েকজন নৃত্যশিল্পী উপহার দিতে পারব। আশা করছি, সবার সহযোগিতা নিয়ে ভালোভাবেই কাজটি করতে পারব।’জানা গেছে, প্রথম অডিশন রাউন্ডে অংশ নেওয়া প্রায় তিন হাজার প্রতিযোগীর মধ্যে থেকে ৮১ জনকে নিয়ে শুরু হয়েছিল প্রতিযোগিতার দ্বিতীয় বাছাই পর্ব। দ্বিতীয় পর্বে বাছাইয়ে বিচারক ছিলেন দেশের তিন জনপ্রিয় নৃত্যশিল্পী সোহেল, লিখন ও বেবী।রুমানা রশিদ ঈশিতার পরিকল্পনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন ইজাজ খান স্বপন। আর সেরা নাচিয়ে অনুষ্ঠানটির উপস্থাপনায় রয়েছেন তানিশা।ইতিমধ্যে অনুষ্ঠানটি সাতটি পর্ব প্রচার হয়েছে। চ্যানেল আইতে সপ্তাহের প্রতি শুক্রবার ও মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় দেখানো হচ্ছে অনুষ্ঠানটি।নৃত্যশিল্পী খোঁজার এ আয়োজনে চ্যানেল আইয়ের সঙ্গে যুক্ত হয়েছে ফ্যাশন হাউস নাবিলা।