নতুন পরিচয়ে সিঁথি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিঁথির বয়স তখন চার। বাড়িতে মা শক্তি সাহা নিয়মিত সংগীতচর্চা করতেন। সিঁথিও এসে বসতেন, তবে হারমোনিয়ামের ওপর। গানের ব্যাপারে মেয়ের আগ্রহটা বুঝতে পারেন মা। এরপর মেয়েকে গান শেখানো শুরু করলেন। বেশি শিখেছেন ছড়াগান, তবে রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, আধুনিক গানও শিখেছেন। কিন্তু সিঁথির আগ্রহ ছিল লালনগীতির দিকে।সিঁথি বললেন, ‘আমি তখন মাত্র স্কুলে যাওয়া শুরু করেছি। ক্লাস টুতে পড়ি। স্কুলের বার্ষিক অনুষ্ঠানে গেয়েছিলাম লালনের গান ‘ধন্য ধন্য বলি আমি তারে’। বাসা থেকে মা আমাকে গেরুয়া কাপড় দিয়ে বাউল সাজিয়ে দিয়েছিলেন। আর আমিও মঞ্চে একতারা নিয়ে বাউলবেশে নেচে-নেচে গানটি করেছিলাম। ওই সময় আমার গুরু ছিলেন কোহিনূর খানম।’সিঁথি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। বাসা কুষ্টিয়া শহরেই, আমলাপাড়ায়। বাবা সমীর সাহা তাঁকে নিয়ে গেলেন রবীন্দ্রসংগীতের বরেণ্য প্রশিক্ষক অশোক সাহার কাছে। শুরু হলো সিঁথির রবীন্দ্রসংগীতশিক্ষা। অল্প দিনেই রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের কুষ্টিয়া শাখায় গান করার সুযোগ পেয়ে গেলেন।সিঁথি বললেন, ‘আমি তখন নবম শ্রেণীর ছাত্রী। রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সবাই কত বড়! তাঁদের সঙ্গেই গিয়ে নিয়মিত বসতাম। গান করতাম। ঢাকা থেকে অনেক নামী-দামি শিল্পীরা যেতেন আমাদের প্রশিক্ষণ দিতে। এই যেমন মিতা হক, নিলোৎপল সাধ্য, লিলি ইসলাম প্রমুখ। আরেকজনের কথা বলব আলাদা করে। তিনি ওয়াহিদুল হক। আমার দাদু। আমার গান শুনে খুব প্রশংসা করতেন। কুষ্টিয়ায় যখনই যেতেন, আমাদের বাড়িতে কিছুক্ষণের জন্য হলেও ঘুরে আসতেন। মা-বাবাকে খুব স্নেহ করতেন। সব সময় তাঁদের তুই বলে সম্বোধন করতেন।’পরপর দুবার রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সম্মেলনের প্রতিযোগিতায় গান করার সুযোগ পান সিঁথি। আর দুবারই অর্জন করেন প্রথম স্থান। উচ্চমাধ্যমিক পাস করার পর চলে এলেন ঢাকায়। ইচ্ছা ছিল চিকিৎসক হওয়ার। তাই কোচিংয়ে ভর্তি হলেন। আর রবীন্দ্রসংগীতটা আরও ভালো করে শেখার জন্য ছায়ানটে গেলেন। ভর্তি পরীক্ষায় সিঁথির গান শুনে মুগ্ধ হয়েছিলেন শিক্ষক। তাই সরাসরি ভর্তি হওয়ার সুযোগ পেলেন তৃতীয় বর্ষে। আর সময়-সুযোগ পেলেই ছুটে যেতেন ওয়াহিদুল হকের কাছে, ক্লাসের বাইরে নতুন নতুন গান শিখতে।ছায়ানটে সমাপনী পরীক্ষাটা আর দেওয়া হয়নি সিঁথির। তিনি জানালেন, ওই বছর কলকাতার জি বাংলার গান নিয়ে রিয়েলিটি শো সা রে গা মা পা প্রতিযোগিতায় সুযোগ পেয়ে যান। প্রশিক্ষণ, চর্চা, প্রতিযোগিতায় গান করার জন্য তাই তাঁকে একটা বড় সময় থাকতে হয়েছে ওখানে। এ প্রতিযোগিতায় সেরা কুড়ি পর্যন্ত টিকে ছিলেন তিনি। সেখান থেকে ফিরে হঠাৎ করে আধুনিক গানের শিল্পী হওয়ার আগ্রহ সৃষ্টি হয় তাঁর। সুযোগও পেয়ে গেলেন। সংগীত পরিচালক কাজী হাবলু তাঁর ছেলে আনানের সঙ্গে দ্বৈত গান গাওয়ার জন্য একজন নতুন মেয়ে খুঁজছিলেন। সিঁথিকে পেয়ে নিশ্চিন্ত হলেন।গত বছর ভালোবাসা দিবসে বের হলো আনানের সঙ্গে সিঁথির দ্বৈত গানের অ্যালবাম কল্পনা। এরপর আনানের সুরে আরেকটি মিশ্র অ্যালবামেও গান করেছেন তিনি। নাম আমার দেশ। এবার ঈদে আসছে সিঁথির প্রথম একক অ্যালবাম। জানালেন, সাতটা গানের কাজ একেবারেই শেষ।এরই মধ্যে চলচ্চিত্রেও গান করেছেন সিঁথি। জেমীর কিং খান ছবিতে ‘আমার সব রাতই মধুপূর্ণিমা’ আর রাজু আহমেদের ভুল ছবিতে ‘ওগো তুমি যদি সুখ হও, আমি হব শুকতারা’। দুটিই দ্বৈত গান। এ দুটি গানেরই সুর করেছেন এবং সিঁথির সঙ্গে কণ্ঠ দিয়েছেন আনান।সিঁথি বললেন, ‘আধুনিক গান করছি বলে রবীন্দ্রসংগীত ছেড়ে দিয়েছি, তা কিন্তু নয়। রবীন্দ্রসংগীত আমার রক্তের সঙ্গে মিশে গেছে। যখনই কোথাও গান গাওয়ার সুযোগ পাই, নিজেকে রবীন্দ্রসংগীতের শিল্পী হিসেবেই উপস্থাপন করি। সঙ্গে থাকে আধুনিক গান।’গানের পাশাপাশি এবার উপস্থাপনা করছেন সিঁথি। চ্যানেল আই সেরা কণ্ঠ প্রতিযোগিতা নিয়ে তৈরি অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন। সিঁথি জানালেন, সম্প্রতি টিভির একটি অনুষ্ঠানে তাঁকে দেখে চ্যানেল আই থেকে যোগাযোগ করা হয়। তিনি বললেন, ‘শুরুতে খুব ভয় পেয়েছিলাম। প্রথম দুটি পর্ব দেখলে তা স্পষ্ট বোঝা যাবে। এখন কিন্তু উপস্থাপনার কাজটা বেশ উপভোগ করছি।’পড়াশোনার ব্যাপারে সিঁথি জানালেন, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) থেকে এ বছর ফার্মেসিতে স্নাতক করেছেন তিনি। এখন চ্যানেল আই সেরা কণ্ঠ নিয়ে ব্যস্ত আছেন। এ কাজে তাঁকে আরও কয়েক মাস ব্যস্ত থাকতে হবে। এর পরই ভর্তি হবেন স্নাতকোত্তর পর্যায়ে।