নতুন প্রজন্ম গড়ে যেতে চাই
শিল্পকলা একাডেমীতে সম্প্রতি প্রতিষ্ঠার ১৫ বছর পালন করল নাগরিক নাট্যাঙ্গন। দুই দিনব্যাপী এই অনুষ্ঠানে নাটক, নাটকের গান, পদক প্রদানসহ ছিল একাধিক আয়োজন। এই উপলক্ষ ধরেই দলের অন্যতম প্রধান লাকী ইনামের সাক্ষাত্কার।প্রতিষ্ঠার ১৫ বছর পালন করল নাগরিক নাট্যাঙ্গন। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীকে আপনি কীভাবে দেখছেন?প্রতিবারই আমরা প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ভারত থেকে নাটকের দলকে আমন্ত্রণ করি, এবার কোনো দল বাইরে থেকে আমন্ত্রণ করিনি। দুই দিনে দলের দুটি চলতি প্রযোজনা সেই সব দিনগুলি ও প্রাগৈতিহাসিক নাটক প্রদর্শন করেছি। গত ১৫ বছরে যেসব নাট্যকর্মী নিরলসভাবে কাজ করে গেছেন, মঞ্চ থেকে টেলিভিশনে গেলেও মঞ্চ ছেড়ে যাননি, এমন ১১ জন নাট্যকর্মীর হাতে কাজের স্বীকৃতিস্বরূপ পদক তুলে দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা এই পদক যাঁরা পেয়েছেন আগে থেকে কোনোভাবেই জানতে পারেননি কাজের স্বীকৃতিস্বরূপ তাঁরা পদক পাচ্ছেন। দলের প্রবীণ নাট্যকর্মীরা এই পদক তুলে দেন।দলকে নিয়ে যে প্রত্যাশা, ১৫ বছরে তা কতটুকু পেয়েছেন?আমাদের প্রত্যাশা আমরা থিয়েটারে নতুন প্রজন্ম গড়ে যেতে চাই। সেই প্রত্যাশা অনুযায়ী আমরা ১৯৯৫ সাল থেকে নাট্যপত্রিকা নাটক এবং নাটক শিক্ষার স্কুল এনএনআইডি তৈরি করেছি। এই প্রতিষ্ঠান থেকে বছরে দুটি করে দল থিয়েটার শিক্ষা নিয়ে বের হচ্ছে। মুক্তিযুদ্ধের আগে ও পরের—আমরা যাঁরা নিয়মিতভাবেই থিয়েটার চর্চা করে যাচ্ছি, তারা সবাই থিয়েটারকে বাঁচিয়ে রাখতে নতুন প্রজন্ম গড়ে যেতে চাই। আমি যখন নাগরিক নাট্য সম্প্রদায় থেকে নাগরিক নাট্যাঙ্গন গড়েছি তখন থেকেই সেই তৃণমূল পর্যায় থেকে কাজ করে যাচ্ছি। আমার মতো অনেকেই এই কাজ করছে। যাতে থিয়েটারের নিবেদিতপ্রাণ প্রজন্ম যুগের পর যুগ তৈরি হতে থাকে। থিয়েটারের মধ্যে নিজেকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার সবকিছুই রয়েছে। তাই আমরা চাই নতুন প্রজন্ম থিয়েটারের শিক্ষায় আলোকিত হয়ে নিজেকে তৈরি করবে। এবং এই প্রতিষ্ঠাবার্ষিকী থেকে আমরা দলের আগামী ১৫ বছরের প্রত্যাশাও করেছি।আপনাদের দলের নাটকের ইনস্টিটিউট এনএনআইডি থেকে প্রতিবছরই শিক্ষার্থীরা বের হচ্ছেন। তাঁরা কি সবাই পরবর্তী সময়ে থিয়েটারের সঙ্গে থাকছেন?বেশির ভাগই থাকছেন। আমাদের নিজেদের দল বা ঢাকার অন্য দলেও কাজ করছেন। তবে খুব কম সংখ্যকই হয়তো থিয়েটার ছেড়ে যাচ্ছেন। সেটা হতে পারে পারিবারিক সমস্যা বা জীবন-জীবিকার কারণে এবং এখান থেকে যেসব ছেলেমেয়ে বের হচ্ছেন তাঁরা সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠার সুযোগ পাচ্ছেন। তাঁরা জীবনটাকে আরও ভালোভাবে গড়ে তুলতে নিজেদের কাজের পাশাপাশি থিয়েটারে যোগ দিয়ে লিরলসভাবে কাজ করছেন। প্রতিবারই প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দেশের বাইরে থেকে দল আসে, এবার দেখা যায়নি। কারণ কী?আমরা ইচ্ছা করেই আনিনি। আমরা বুঝতে চেয়েছি নিজেরা কতটুকু পারি, গত ১৫ বছরে কতটুকু জায়গা শক্ত করতে পেরেছি। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা নিজেদের পরীক্ষায় নিজেরাই পাস করতে পেরেছি বলে মনে করছি। দুই দিনের অনুষ্ঠানটা অত্যন্ত সফল হয়েছে। প্রচুর দর্শক আমাদের অনুষ্ঠান উপভোগ করেছে। বিশেষ করে দুই দিনের নাটকে মিলনায়তন-ভর্তি দর্শক নাটক উপভোগ করেছে। আপনি বলছিলেন আগামী ১৫ বছরে দলের নতুন প্রত্যাশার কথা। বলবেন, নতুন প্রত্যাশা কী? আগামী দিনগুলোতে আমরা থিয়েটার নিয়ে আরও গবেষণা চালাতে চাই। আমরা ভালো ভালো নাটক মঞ্চে আনতে চাই। নিজেদের প্রযোজনা দেশবিদেশে আরও বেশি বেশি প্রদর্শন করতে চাই। বেশি বেশি পরীক্ষা-নিরীক্ষাধর্মী কাজ করব। বর্তমানে আমরা পুষিক্যাট নামের যে নাটক নিয়ে কাজ করছি, সেটি একটি নিরীক্ষাধর্মী নাটক। ভবিষ্যতে এ ধরনের নাটক আরও মঞ্চে আনব।