নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রদীপ প্রজ্বালনের প্রতীকী আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার অঙ্গীকার করলেন বীর মুক্তিযোদ্ধারা। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে ’৭১: বীরত্ব-বীরগাথা-বিজয় বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের শুরুতেই ছিল এ প্রতীকী আয়োজন। অনুষ্ঠানে বইয়ের উপজীব্য ১২ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানানো হয়। এই ১২ জন হলেন: পরিকল্পনামন্ত্রী ও মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি এ কে খন্দকার, অন্যতম সেক্টর কমান্ডার কাজী মুহম্মদ সফিউল্লাহ, সাহাব উদ্দীন আহমেদ, তৌহিদুল্লাহ ভূঁইয়া, শাহজাহান সিদ্দিকী, এস আই এম নূর-উন-নবী খান, জাফর ইমাম, হাফিজউদ্দিন আহমেদ, ওয়াকার হাসান, মোদাচ্ছের হোসেন খান, মোহাম্মদ নজরুল ইসলাম ও আনোয়ার হোসেন পাহাড়ী। তাঁদের তিনজন অনুষ্ঠানে উপস্থিত হতে না পারলেও প্রতিনিধি পাঠিয়ে সম্মাননা স্মারক গ্রহণ করেন।ঢাকা স্বরকল্পন পরিবেশিত ‘মেঘ জমেছে আকাশ জুড়ে’ শীর্ষক বৃন্দ আবৃত্তি দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের আয়োজক ও বইটির প্রকাশক প্রতিষ্ঠান বাংলাদেশ সংবাদ ’৭১ (বিডিএস’৭১)। প্রতিষ্ঠানের চেয়ারম্যান শোয়েব মো. তারিক উল্লাহ স্বাগত বক্তব্য দেন। এরপর বইয়ের মোড়ক উন্মোচন ও সম্মাননাপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা পদক তুলে দেন সেক্টর কমান্ডার কাজী নূরুজ্জামানের স্ত্রী ডা. সেলিনা জামান।সম্মাননাপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মধ্য থেকে বক্তব্যে কাজী মুহম্মদ সফিউল্লাহ নতুন প্রজন্মের উদ্দেশে বলেন, ‘মুক্তিযুদ্ধে যাওয়ার যখন প্রয়োজন হয়েছিল, তখন আমরা যুদ্ধে যেতে দ্বিধাদ্বন্দ্ব করিনি। সময়ের প্রয়োজনেই আমরা মুক্তিযুদ্ধের নেতৃত্ব হাতে তুলে নিয়েছিলাম। আমরা অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছি। তবে আমাদের সবচেয়ে বড় সাফল্য, আমরা তোমাদের জন্য একটা স্বাধীন দেশ এনে দিয়েছি। তোমাদের দায়িত্ব এ দেশটাকে রক্ষা করা, এগিয়ে নিয়ে যাওয়া।’সেলিনা জামান তাঁর বক্তব্যে একাত্তরের স্মৃতিচারণা করেন। তিনি গ্রাম-গ্রামান্তর ঘুরে কীভাবে ভারতে পৌঁছাতে পেরেছিলেন, তার বর্ণনা দেন। ওই বর্ণনায় তাঁর স্বামী সেক্টর কমান্ডার কাজী নূরুজ্জামানের কথা আসে, আসে শরণার্থী শিবিরে তাঁর নিজের কর্মকাণ্ডের বিবরণও।মুক্তিযুদ্ধে শহীদের সন্তান সাংবাদিক নাদীম কাদির বলেন,’৭১: বীরত্ব-বীরগাথা-বিজয় বইটিতে বীর যোদ্ধাদের স্মৃতিকথা তুলে ধরা হয়েছে। এ বইয়ের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সঠিক চিত্র খুঁজে পাওয়া যাবে। এ বই উত্তর প্রজন্মের কাছে এক অসামান্য দলিল হিসেবে চিহ্নিত হবে।আলোচনার পর আবারও ‘এখনও একাত্তর’ শীর্ষক আবৃত্তি পরিবেশন করে ঢাকা স্বরকল্পন। সবশেষে সবাই মিলে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।বইটি সম্পাদনা করেছেন সাংবাদিক শাহরিয়ার শহীদ।মোহাম্মদপুর ক্লাবের বিজয় উদ্যাপন মহান বিজয় দিবস উপলক্ষে মোহাম্মদপুরের শহীদ পার্ক মাঠে দুই দিনব্যাপী বিজয় উৎসব উদ্যাপন করেছে মোহাম্মদপুর ক্লাব। গত শনিবার উৎসবের দ্বিতীয় দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে সংগীত পরিবেশন করেন শিল্পী বারী সিদ্দিকী, কুদ্দুস বয়াতি ও তিমির নন্দী। তার আগে সকালের পর্বে ছিল স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও শিশুদের সংগীত প্রতিযোগিতা। উৎসবের প্রথম দিন শুক্রবারের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। এদিনের অনুষ্ঠানে ছিল বিজয় শোভাযাত্রা ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আপেল মাহমুদ, রথীন্দ্রনাথ রায় ও উমা খানকে সম্মাননা পদক দেওয়া হয়।বুলবুল চৌধুরীর জন্মদিনে নৃত্যানুষ্ঠাননৃত্যগুরু বুলবুল চৌধুরীর ৯৪তম জন্মদিন উপলক্ষে আগামীকাল ১ জানুয়ারি শিল্পকলা একাডেমী ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা যৌথভাবে আলোচনা ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করেছে।বিকেল সাড়ে পাঁচটায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুলতান হাফিজ। সভাপতিত্ব করবেন সংস্থার সভাপতি মীনু হক। অনুষ্ঠানে নৃত্যগুরু আমানুল হককে বুলবুল চৌধুরী পদক দেওয়া হবে।