সম্প্রতি দেশ নাটক নতুন দুটি প্রযোজনা মঞ্চে এনেছে। নাটক দুটির নাম ভক্ত ও প্রাকৃত পুরাঙ্গনা। প্রথমটি লিখেছেন মাসুম রেজা আর দ্বিতীয়টি হাফিজ রেদু। দুটি নাটকেরই নির্দেশনা দিয়েছেন শামসুল আলম বকুল। আজ সাক্ষাৎকার তাঁর সঙ্গে।গত মাসে প্রাকৃত পুরাঙ্গনা ও গত বছরের ডিসেম্বরের ইবসেন নাট্যোৎসবে ভক্ত মঞ্চে এনেছেন। আলাদা করে দুটি নাটকের সাড়া কেমন?নাটকটি আমরা ইবসেনের উৎসবে এনেছিলাম। সেই সময় প্রচুর দর্শক নাটকটি দেখতে এসেছিল। আর প্রাকৃত পুরাঙ্গনা নাটকটি গত মাসে মঞ্চে এসেছে। মাত্র দুটি প্রদর্শনী হয়েছে। যাঁরা দেখেছেন, তাঁরা সবাই প্রশংসা করেছেন। এর আগে আমি যত নাটক নির্দেশনা দিয়েছি, তা থেকে এটি একেবারেই আলাদা।নাটকটি কীভাবে আলাদা?নাটকটির গল্প ঢাকার মঞ্চের যেকোনো নাটকের গল্প থেকে আলাদা। আমি নাটকটির নির্দেশনাও নতুন আঙিকে দিয়েছি।নাটকটি মঞ্চে আনতে আগ্রহী হলেন কেন?সত্যি কথা বলতে কি, দলের সিদ্ধান্ত ছিল নাটকটি দলের নতুন একজন করবে। কিন্তু কাজটি শুরু হওয়ার পর নাটকটি নিয়ে আমার নিজের মধ্যেই আগ্রহ তৈরি হয়। যখন কাজটি বেশ এগিয়েছে, তখন আমি নিজের কিছু পরিকল্পনা নাটকটির মধ্যে যোগ করলাম। তাতে নাটকটি আরও বলিষ্ঠ হলো। পরে যাঁর নাটকটি নির্দেশনা দেওয়ার কথা ছিল, তিনিই আমাকে দিয়ে নাটকটি মঞ্চে আনার জন্য বেশি আগ্রহী হয়ে গেলেন।পরপর দুটি নতুন নাটক আপনার নির্দেশনায় মঞ্চে এল। কোনো সমস্যা হয়নি?কোনোই সমস্যা হয়নি। দুটি কাজই আমি স্বাচ্ছন্দ্য নিয়ে আলাদা বৈশিষ্ট্যের দুটি কাজ করেছি। প্রাকৃত পুরাঙ্গনা করার সময় মনে হচ্ছিল যে আগের মঞ্চে আনা ভক্ত নাটকটির প্রভাব পড়ে কি না! কিন্তু শেষ পর্যন্ত কোনো প্রভাব পড়েনি। এবং আলাদাভাবে যাঁরা নাটক দুটি দেখেছেন, তাঁদের মতামতও একই। প্রায় সাত বছর পর নির্দেশনা দিলেন। এই দীর্ঘ বিরতির কারণ কী?সাত বছর আগে আমি পদাতিকের জলবালিকা নাটকটির নির্দেশনা দিয়েছিলাম। এরপর আর কাজ করা হয়নি। ব্যক্তিগত কারণেই আমি কাজ করতে পারিনি। আমার স্ত্রী দীর্ঘদিন অসুস্থ ছিলেন। যে কারণে আমি দলেই নিয়মিত সময় দিতে পারিনি। ওই সময়টিতে মানসিকভাবে স্থির ছিলাম না।এর আগে বেশ কছুদিন ধরে দেশ নাটকের কার্যক্রম ধীর দেখা গেছে। কারণ কী?অনেক কারণ ছিল। প্রথমত, আমার স্ত্রীর অসুস্থতার কারণে সে সময় আমি দলে সময় দিতে পারিনি। তখন মাসুম রেজা সময় দিয়ে দলটিকে চালিয়ে নিচ্ছিলেন। কিন্তু পরে তিনিও বিদেশ চলে যান। আরেকটা বিষয় ছিল যে আমরা সে সময় দলে যেসব নাট্যকর্মী তৈরি করেছিলাম, ওই সময়টিতে তাঁরা টিভি নাটকে প্রচণ্ড ব্যস্ত হয়ে যান।শুনলাম, দলের জনপ্রিয় প্রযোজনা নিত্যপুরাণ নাটক মঞ্চে আসছে?হ্যাঁ, আমরা খুব তাড়াতাড়ি নাটকটি মঞ্চে আনব। এই নাটক ঢাকার মঞ্চে খুবই জনপ্রিয় একটি নাটক। দীর্ঘদিন নাটকটির প্রদর্শনী বন্ধ আছে। এখনো নাটকটিতে দর্শকদের চাহিদা রয়েছে। আরেকটা কারণ হচ্ছে, নতুন প্রজন্মকে নিত্যপুরাণ নাটকটি দেখাতে চাই।