নতুন প্রজন্মকে নিয়ে বেবী নাজনীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন প্রজন্মকে নিয়ে বেবী নাজনীন
নতুন প্রজন্মকে নিয়ে বেবী নাজনীন

পঞ্চাশতম একক গানের অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন ব্ল্যাক ডায়মন্ডখ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী বেবী নাজনীন। নতুন এই অ্যালবামে নতুন প্রজন্মের প্রতিভাবানদের নিয়ে কাজ করছেন তিনি।
প্রথম আলোকে বেবী নাজনীন বলেন, ‘নতুন প্রজন্মের মধ্যে অনেক প্রতিভাবান তরুণ গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আছেন। তাঁদের দরকার শুধু একটু পৃষ্ঠপোষকতা। আর তা করলেই সংগীতাঙ্গনে এই প্রতিভাবান তরুণেরাই নিজেদের প্রতিভাকে আরও বড় পরিসরে বিকশিত করতে পারবে। আমার মনে হলো, এসব প্রতিভাবান তরুণদের নিয়ে আমরা যদি কাজ না করি তাহলে কেমনে হবে। সেই ভাবনা থেকেই আমার পঞ্চাশতম একক অ্যালবামে নতুনদের নিয়ে কাজ করার পরিকল্পনা করেছি।’
বেবী নাজনীন জানান, ক্যারিয়ারের অর্ধশততম অ্যালবামটি নতুন প্রজন্মের সুরকার-গীতিকার-সংগীতপরিচালক কাজ করায় গানগুলো তরুণ প্রজন্মের হূদয় ছুঁয়ে যাবে।
২০১১ সালে প্রকাশিত বেবী নাজনীনের ৪৯তম একক অ্যালবামের নাম ‘ইচ্ছে করে ভালোবাসি’। তিন বছর পর প্রকাশিত হতে যাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় এই শিল্পীর একক গানের অ্যালবাম। নিজের নামের সঙ্গে মিল রেখে বেবী নাজনীন তাঁর ৫০ একক অ্যালবামের নাম রেখেছেন ‘বেবী নাজনীন, দ্য ব্ল্যাক ডায়মন্ড’।
‘বেবী নাজনীন, দ্য ব্ল্যাক ডায়মন্ড’ অ্যালবামে মোট আটটি গান রাখা হয়েছে। এর মধ্যে কয়েকটি গানের শিরোনাম হচ্ছে, ‘মনের বাগান’, ‘ভালোবাসবে কিনা বল’, ‘কানাই’, ‘জাদুর কাঠি’, ‘বন্ধু রে তুমি বিনে যাব মরিয়া’ প্রভৃতি। গানগুলোর কথা লিখেছেন প্রদীপ সাহা, রবিউল ইসলাম জীবন, মিজান ও সোহাগ ওয়াজীউল্লাহ। সুর ও সংগীত পরিচালনা করেছেন রাজেশ, ইমরান, এফএ সুমন ও অমিত। অ্যালবামের একটি দ্বৈত গানে বেবীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন সেরাকণ্ঠখ্যাত গায়ক ইমরান।
তিন বছর প্রসঙ্গে বেবী নাজনীন বলেন, ‘ মাঝে অনেকবারই অ্যালবামটি প্রকাশ করার পরিকল্পনা করেছিলাম, কিন্তু বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি। এবার অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দিতে পারব।’"
জানা গেছে, অডিও সিডির পাশাপাশি আন্তর্জাতিক ওয়েবসাইটে এবং মুঠোফোনেও নতুন অ্যালবামের গানগুলো প্রকাশের পরিকল্পনা করেছেন বেবী নাজনীন।