নতুন প্রজন্মের সাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলপড়ুয়া ছাত্র রঙ্গন বাবার হাত ধরে এসেছে নাটক দেখতে। বাবা ঢাকার মঞ্চের একজন তুখোড় অভিনেতা। আগেও অনেক নাটক দেখার সুযোগ হয়েছে রঙ্গনের। মুক্তিযুদ্ধ সম্পর্কে পরিপূর্ণ ধারণা তার না থাকলেও এবার মুক্তিযুদ্ধের নাট্যোৎসবে এসে নাটক দেখে মুক্তিযোদ্ধা, মৌলবাদ আর রাজাকার কী, তা বুঝতে শিখেছে। উৎসবে প্রথম দিন সময়ের প্রয়োজনে নাটকটি দেখেছে সে। জাতীয় নাট্যশালার ওপরের চত্বরে দাঁড়িয়ে যেদিন রঙ্গনের সঙ্গে কথা হয়, সেদিন সে প্রাচ্যনাটের সার্কাস সার্কাস নাটকটি দেখতে এসেছিল। ভাঙা ভাঙা গলায় রঙ্গন বলল, ‘আমি মুক্তিযুদ্ধের সময়ের প্রয়োজনে নাটকটি দেখেছি। নাটকের মধ্যে আমাদের দেশের জন্য মুক্তিযোদ্ধারা অনেক যুদ্ধ করল। ওরা ভালো। মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যারা ছিল, তারা খুব খারাপ। সবাই তাদের রাজাকার বলে।’ তাহলে কি রঙ্গনেরা ঠিক সময়ে মুক্তিযুদ্ধ সম্পর্কে জেনেছে? মুক্তিযুদ্ধের নাট্যোৎসবের আয়োজক থিয়েটার আর্ট ইউনিটকে সাধুবাদ জানিয়ে ঢাকা থিয়েটারের কর্মী কামাল বায়েজিদ বলেন, ‘এখন এমন একটি সময়, যখন নতুন প্রজন্ম পদে পদে বিভ্রান্ত হচ্ছে। অনেকেই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানে না। এই নাট্যোৎসব নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস নিয়ে সামনে এগোতে সাহায্য করবে।’ তিনি আরও বলেন, ‘নতুন প্রজন্ম ভোটার হয়েছে। তারা আগামী দিনে ভোট দিয়ে কাকে দেশ পরিচালনায় বসাবে, তা এখনই জেনে নেওয়ার সময়। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সারা দেশে ছড়িয়ে দিতে এমন নাট্যোৎসব জেলায় জেলায় হলে নতুন প্রজন্ম আরও বেশি উপকৃত হবে।’ দেশের মধ্যে যখন যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে সাধারণ মানুষ সোচ্চার। তখনই থিয়েটার আর্ট ইউনিটের এ ধরনের নাট্যোৎসবের আয়োজনকে সঠিক বলে মনে করছেন নাট্যবোদ্ধারা। দলের প্রধান সমন্বয়ক মোহাম্মদ বারী বলেন, ‘আমাদের এখানে সাধারণত বিজয় দিবস, স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের নাটক হয়। কিন্তু এখন আর আমরা সময়ের মধ্যে মুক্তিযুদ্ধকে সীমাবদ্ধ রাখতে চাই না। বর্তমান সময়ে মুক্তিযুদ্ধ সম্পর্কে তরুণেরা বিভ্রান্ত হচ্ছে, স্বাধীনতাবিরোধীরাও সোচ্চার। আবার একই সঙ্গে যুদ্ধাপরাধীদের বিচার প্রশ্নে সমগ্র জাতি আজ জেগে উঠেছে। আমরা নাট্যকর্মীরা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কাজ করছি। সেই অবস্থা থেকে সমগ্র জাতির সঙ্গে একমত হয়ে এ ধরনের একটা নাট্যোৎসবের আয়োজন করেছি।’ঢাকার মঞ্চে প্রথম মুক্তিযুদ্ধের নাটক নিয়ে থিয়েটার আর্ট ইউনিট আয়োজিত পাঁচ দিনের নাট্যোৎসব ইতিহাস গড়ল। সময়োপযোগী মুক্তিযুদ্ধের ১০টি নাটক নিয়ে উৎসবের আয়োজন করে তারা। নয় জুলাই শুরু হয় এ উৎসব, শেষ হয় ১৪ জুলাই। উপলক্ষ ছিল, দলের মুক্তিযুদ্ধের নাটক সময়ের প্রয়োজনে নাটকটির ৫০তম প্রদর্শনীকে ধরে এই উৎসব। উৎসবে মুক্তিযুদ্ধের নাটক দেখতে মূল হল ও পরীক্ষণ থিয়েটার হলে দর্শকের ব্যাপক উৎসাহ দেখা গেছে। বিশেষ করে, মূল মিলনায়তনের বাইরের চত্বরে ঢাকার মঞ্চের সাড়া জাগানো মুক্তিযুদ্ধের নাটকের স্থিরচিত্র, পোস্টার, মুক্তিযুদ্ধের সময়কার বীর যোদ্ধাদের হাতের লেখা চিঠি, একাধিক দলিলপত্র শরণার্থীশিবিরের ছবি, যুদ্ধের ছবি দেখতে প্রতিদিনই দর্শকের ঢল নেমেছে। মুক্তিযুদ্ধের নানা প্রতীক নিয়ে ব্যানার, পোস্টার ও ফেস্টুনে সাজানো হয় জাতীয় নাট্যশালা। মনে হয়েছে, পুরো নাট্যশালা মুক্তিযুদ্ধের অঘোষিত জাদুঘর।তারুণ্যের জয়সোহেল ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের শিক্ষার্থী। উৎসবের দ্বিতীয় দিন পরীক্ষণ থিয়েটার হলে ঢাকা পদাতিকের কথা ৭১ নাটকটি দেখতে এসেছিলেন। তাঁর সঙ্গে কথা হয়। ‘আমার কাছে মুক্তিযুদ্ধ প্রেরণা। মুক্তিযুদ্ধ দেখিনি; কিন্তু মুক্তিযুদ্ধের গৌরবগাথা আমাকে আবেগপ্রবণ করে দেয়।’ বলছিলেন সোহেল। সোহেলের মতো অসংখ্য তরুণ এ উৎসবে যোগ দেয়। গত পাঁচ দিনের উৎসবে দর্শকের দুই-তৃতীয়াংশই ছিল তরুণ। উৎসবের দ্বিতীয় দিন জাতীয় নাট্যশালার নিচে দাঁড়িয়ে ঢাকা পদাতিকের মিজানুর রহমান বলছিলেন, ‘মুক্তিযুদ্ধের নাট্যোৎসবে তরুণদের অংশ নেওয়া একটা ইতিবাচক দিক। আমি মনে করি, এ উৎসব মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের তরুণদের সাহসী করে তুলবে।’যেন মুক্তিযুদ্ধের সংগ্রহশালা!উৎসবে সবচেয়ে আলোচিত বিষয় ছিল জাতীয় নাট্যশালা চত্বরে প্রদর্শনী। আঙিনাজুড়েই ছিল প্রদর্শনীর আয়োজন। চত্বরে প্রবেশ করলে যে কেউই মনে করতে পারে, নাট্যশালা চত্বরটি একটা মুক্তিযুদ্ধের সংগ্রহশালা। এ প্রদর্শনীতেই নাটক শুরুর আগে এবং পরে নাট্যকর্মী ও দর্শকের ঢল নেমেছিল। মুক্তিযুদ্ধের একাধিক দুর্লভ জিনিসপত্র স্থান পায় এখানে। ঢাকার সাড়া জাগানো মুক্তিযুদ্ধের নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়, দ্যাশের মানুষ, সাত ঘাটের কানাকড়ি, একাত্তরের পালাসহ একাধিক মুুক্তিযুদ্ধের নাটকের পোস্টার, স্থিরচিত্র স্থান পায়। এ ছাড়া আলমগীর কবির, জহির রায়হানদের মতো বিখ্যাত ব্যক্তিদের হাতের কিছু বিরল চিঠি, মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্রের পাণ্ডুলিপি প্রদর্শন করা হয়। একই সঙ্গে মুক্তিযুদ্ধচলাকালীন কিছু বিরল স্থিরচিত্রও প্রদর্শনীতে রাখা হয়।নতুন দর্শকের আগমনএ উৎসবে অসংখ্য নতুন দর্শকের আনাগোনা দেখা গেছে। উৎসবের দ্বিতীয় দিন জাতীয় নাট্যশালার টিকিটঘরের সামনে বেশ জটলা মনে হলো। একটু পরই ওই হলে প্রাচ্যনাটেরসার্কাস সার্কাস নাটকটির প্রদর্শনী শুরু হবে। টিকিটঘরের দিকে একটু এগিয়ে যান এনজিওর কর্মকর্তা খোকন। দুটি টিকিট কিনবেন তিনি। কিন্তু টিকিট শেষ। খোকন বারবার বলছিলেন, ‘আমি আগে মঞ্চনাটক দেখিনি। প্রথম দেখতে এলাম আর টিকিট পাব না; এটা হতে পারে না। তা ছাড়া আমার ছেলে সার্কাস সার্কাস নাটকে অভিনয় করছে। নাটক আমাকে দেখতেই হবে।’ তবে তাঁকে নিরাশ হতে হয়নি। টিকিট বিক্রির দায়িত্বে থাকা একজন এসে সামনের সারির অতিথিদের আসনে তাঁকে বসার ব্যবস্থা করে দিলেন।আরও মুক্তিযুদ্ধের নাটকের দাবিউৎসবের উদ্বোধনী দিন প্রধান অতিথির ভাষণে পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেছিলেন, ‘মঞ্চনাটক মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে ভূমিকা রাখছে এই মঞ্চনাটক। তাই আরও বেশি বেশি মুক্তিযুদ্ধের নাটক দেশের মধ্যে ছড়িয়ে দিতে হবে।’ কথাগুলো শুনে তাৎক্ষণিক মিলনায়তনে উপস্থিত দর্শক-নাট্যকর্মীরা হাততালি দিয়ে স্বাগত জানান। উৎসবের প্রথম দিন সময়ের প্রয়োজনে নাটকটি মঞ্চস্থ হওয়ার আগে মিলনায়তনের বাইরে দাঁড়িয়ে একই মতামত দিলেন নাট্যদর্শক ইমতিয়াজ হোসেন। তিনি বললেন, ‘আমার বিশ্বাস, এ উৎসব থেকে কেউ না-কেউ মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত হবেনই। তাই সারা বছরই এমন মুক্তিযুদ্ধের নাটক মঞ্চে থাকলে প্রজন্ম থেকে প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে যাবে।’এ উৎসবে দুটি মিলনায়তনে প্রতিদিনই একজন করে বীর মুক্তিযোদ্ধাকে আমন্ত্রণ জানানো হয়। তাঁরা প্রতিদিনই মিলনায়তনে বসে নাটক উপভোগ করেন। এবং নাটক শেষে মঞ্চে গিয়ে দর্শকের সঙ্গে মুক্তিযুদ্ধের দিনগুলো নিয়ে কথা বলেন। এর মধ্যে ছিলেন কর্নেল (অব.) ডা. শামসুল আলম, ক্যাপ্টেন (অব.) শামসুল আলম চৌধুরী বীর উত্তম, ফেরদৌসী প্রিয়ভাষিণী, আক্কু চৌধুরী, মেজর জেনারেল (অব.) আমিন আহমেদ চৌধুরী বীর বিক্রম, মেজর জেনারেল (অব.) এম মাসুদুর রহমান বীর প্রতীক, মেজর জেনারেল (অব.) জামিল, ডি আহ্সান বীর প্রতীক, ড. নাজমা শাহীন।