নতুন বচনে নাটক উত্তরখনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চাকায় বান্ধা নাঙলের পাও, অন্যের কলে পানি ওঠাও, ফলা রে চাষি আক্কারা চাইল/ আইজ না বুঝিস বুঝবি কাইল’—কথাগুলো শুনলে মনে হবে খনার বচন, কিন্তু হুবহু নয়। খনা-পরবর্তী কৃষি নিয়ে মলয় ভৌমিক রচিত উত্তরখনা নাটকের সংলাপ। নায়িকা ঠিক যেন খনার বচনের আদলে ঋণগ্রস্ত ও মহাজননির্ভর প্রান্তিক চাষিকে পথ দেখিয়েছেন। মহাজনের শোষণ, কৃষকের কষ্ট, অভাবে-অসুখে বিনা চিকিত্সায় মৃত্যু, অতঃপর তাদের ট্রাক্টর কেনার স্বপ্ন—ঐতিহ্যবাহী বর্ণনাত্মক রীতিতে নাটকে সুন্দরভাবে ফুটে উঠেছে। খনার সময়ে কৃষক ছিল আত্মনির্ভর; কিন্তু খনা-উত্তর যন্ত্রনির্ভর প্রযুক্তির কালে সার, বীজ, কীটনাশক, সেচ, চাষ, ঋণ ইত্যাদি প্রায় সব উপকরণের জন্যই কৃষককে অন্যের ওপরে ভরসা করতে হয়। উত্পাদন ব্যাপক হারে বাড়লেও এই নির্ভরশীলতা কৃষিতে নতুন এক পরিস্থিতির জন্ম দিয়েছে। কৃষকের বন্ধু খনা এ পরিস্থিতিকে কী চোখে দেখত—এমন প্রশ্নের কল্পিত উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে উত্তরখনা নাটকে।নাটকের কেন্দ্রীয় একটি চরিত্র প্রান্তিক চাষি অলিওল্লা। স্ত্রী জোসনামতি ও একমাত্র কন্যা লতাকে নিয়ে অলির সংসার। মহাজনের জমি বর্গা করে কোনোরকমে জীবন ধারণ করে। মহাজনের ভাড়া করা জলের কল, চাষের কলের ভাগ শোধ করার পরে তার ভাগ্যে অবশিষ্ট যে ফসল থাকে, তা দিয়ে সংসারের অভাব পূরণ হয় না। মহাজনী ঋণ নিয়ে কাব্য করে লতা। ষোলোআনা ঋণ যার, চাই আনা খাঁটি/ সেউ ঋণ শোধাতে বেচো থাল ঘটি বাটি। লতার বচন শুনে ক্ষুব্ধ ও অপমানিত বোধ করে মহাজন। এ সময় লতা বাবাকে বচন শোনায়, ‘গাঁতা ধরো সকলে পাইত না হাত/ তাতেই কাপড় তাতেই ভাত। এতে উদ্বুদ্ধ হয়ে কৃষক অলিওল্লা মহাজনের শোষণে অতিষ্ঠ কৃষকদের একত্র করে ট্রাক্টর কেনার স্বপ্ন দেখায়। কৃষকের সেই স্বপ্নে বিভোর হয়ে ভাটিয়ালি গান থেকে গণসংগীতে ফিরে আসে। সমবেত কণ্ঠে গায়—ভট্ ভট্ ভট্ ভট্ চলে ট্রাক্টর, রাতারাতি সব বনে যাই মাতব্বর। যারা ছিল সব চোখ বুজে, আজ জীবনের দিশা পায় খুঁজে...।কিন্তু তাদের এ গান বেশিক্ষণ চলে না। মহাজনের কুচক্রে অঙ্কুরেই বিনষ্ট হয় কৃষকের স্বপ্ন। যৌতুক দিতে না পারায় বিয়ে ভেঙে যায় লতার। উপায়হীন সব কৃষক ফের গিয়ে পড়ে মাতব্বরের পায়ে। নিরুপায় অলিও যায় মাতব্বরের কাছে। মাতব্বর তাকে ফিরিয়ে দেয়। লজ্জায়-অপমানে উন্মাদ শক্তিতে লাঙলের ফাল দিয়ে জমি চাষ শুরু করে অলি। আধুনিক যন্ত্রের বিরুদ্ধে লড়াই করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়ে অলি, তবু মহাজনের কাছে হার মানে না। বাবার মৃত্যুতে দিশেহারা হয়ে পড়ে মেয়ে লতা। খবরের কাগজে ছাপা হয় অলির মৃত্যুর খবর। এ খবর পড়ে লতাকে সাহায্য করতে চায় একজন দানশীল ব্যক্তি। কিন্তু করুণা সমান দান ফিরিয়ে দেয় লতা। সম্প্রতি রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে দ্বিতীয় মেয়র নাট্যোত্সবে মঞ্চস্থ হয়েছে নাটকটি। এর নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনা করেছেন নাট্যকার নিজেই। কোরিওগ্রাফি করেছেন নৃত্যশিল্পী ল্যাডলি মোহন মৈত্র ও আলো মৈত্র।