নতুন বছরে আমাদের থিয়েটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাড থিয়েটারের নদ্দিউ নতিম নাটকের দৃশ্য
ম্যাড থিয়েটারের নদ্দিউ নতিম নাটকের দৃশ্য

‘সকল যেতেছে চ’লে, সব যায় নিভে-মুছে-ভেসে, যে সুর থেমেছে তার স্মৃতি তবু বুকে জেগে রয়। যে নদী হারায়ে যায় অন্ধকারে-রাতে-নিরুদ্দেশে, তাহার চঞ্চল জল স্তব্ধ হয়ে কাঁপায় হৃদয়! যে মুখ মিলায়ে যায় আবার ফিরিতে তারে হয় গোপনে চোখের পরে, ব্যথিতের স্বপ্নের মতন!’ জীবনানন্দ দাশের বয়ান ধরে অভিনেতা-অভিনেত্রীগণ ফিরে আসবেন নতুন বছরে নাট্যমঞ্চের নতুন গল্পে নতুন রূপে আলো-আঁধারিতে। অথবা প্রতিটি দিন নতুন করে আসে বলেই থিয়েটার সব সময় নতুন। প্রতি সন্ধ্যায় ফুল কুড়িয়ে নতুন করে মালা গেঁথে দর্শককে নিবেদন করতে হয়। বাংলাদেশের থিয়েটার গুণে-মানে যে নতুন উচ্চতা নির্মাণ করে চলেছে, তার সঙ্গে পেশার সংযোগ ঘটাতে পারলে এই শিল্পক্ষেত্র অনন্য মাত্রায় পৌঁছাবে।
দেশের নাটক ভারতের বিভিন্ন প্রদেশে নন্দিত আজ। বিশেষত কলকাতায়। এ ছাড়া যুক্তরাজ্য, কোরিয়া, ফিলিপাইন, আরব আমিরাত, মিসর, জাপানসহ বিভিন্ন দেশে সুনাম অর্জনের ধারাবাহিকতা বজায় রেখে চলেছে। নতুন বছরে বরিশালের শব্দাবলি স্টুডিও থিয়েটার চর্চার ২৫ বছর উদ্যাপন করতে যাচ্ছে। আইটিআই আন্তর্জাতিক নাট্যোৎসবে দক্ষিণ এশিয়া ও পাশ্চাত্যের নব রীতিতে একক অভিনয় প্রদর্শনী, সেমিনার ও কর্মশালার আয়োজন করবে বলে নাট্য তরুণেরা আশায় আছেন। গ্রুপ থিয়েটার ফেডারেশন দেশব্যাপী নাট্য অভিনয় কর্মশালা আয়োজনের পাশাপাশি ‘নতুন স্থানে নতুন নাটক’ কার্যক্রম অব্যাহত রাখবে। ঐতিহ্যবাহী মহিলা সমিতি পুনর্নির্মাণের জন্য যে ‘ভাঙা-গড়া নাট্যোৎসব’-এর মাধ্যমে মঞ্চায়ন সাময়িক স্থগিত রাখা হয়, তা একই শিরোনামে উৎসব উদ্যাপনের মাধ্যমে নবযাত্রা করবে এই জানুয়ারিতে। মাঝপথে থেমে যাওয়া ‘মেয়র নাট্যোৎসব’ আবার শুরু হচ্ছে নতুন বছরে। আর সব শ্রেণির দর্শককে এক সারিতে দাঁড় করায় যে পথনাটক, ফেব্রুয়ারিতে তার উৎসব আয়োজিত হচ্ছে দেশের সব বিভাগীয় শহরে। সরকার আর নাট্যদলগুলোর আহ্বান ও সহযোগিতা পেলে বিশ্ববিদ্যালয় থেকে প্রশিক্ষিত নাট্য-স্নাতকেরা দেশব্যাপী বিভিন্ন নাট্যদলে অভিনয়শিল্পীদের দক্ষতা বৃদ্ধির সহায়তায় এগিয়ে আসতে পারেন। তবে প্রায়ই যে পরিমাণে নতুন নাটকের দল গড়ে উঠছে, সেভাবে তো ভালো নাটক মঞ্চে আসছে না। এদিকে সবার মনোযোগী হওয়া প্রয়োজন।

মহাকাল নাট্য সম্প্রদায়ের নীলাখ্যান নাটকের দৃশ্য
মহাকাল নাট্য সম্প্রদায়ের নীলাখ্যান নাটকের দৃশ্য

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এখন অনেক বেশি শিল্পকর্মবান্ধব। থিয়েটারের চাওয়া-পাওয়ার কথা অন্তত বলা যাচ্ছে। তাদের সহযোগিতায় মণিপুরী থিয়েটার, হবিগঞ্জ চা-বাগানের প্রতীক থিয়েটার, বরিশাল শব্দাবলি স্টুডিও থিয়েটার সংস্কার করা হয়েছে। তবে স্কুল-কলেজে নাট্যকলা পাঠ, জাতীয় নাট্যদল গঠন ও নিয়মিত শিল্পী সম্মানীর বিষয়টি অধিকতর গুরুত্ব দাবি করে। দীর্ঘদিন ধরে কলেজ পর্যায়ে নাট্যকলা বিষয় হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে। সিলেবাস ও পাঠ্যপুস্তক প্রণীত হয়েছে। কিন্তু এই ক্ষেত্রে এখনো পর্যন্ত সরকারি উদ্যোগে শিক্ষক নিয়োগ হয়নি। বিসিএস শিক্ষা ক্যাডারে নাট্যকলার শিক্ষক নিয়োগ এখন সময়ের দাবি। উল্লেখযোগ্য সংখ্যক যে মেধাবী তরুণেরা নাট্যকলায় পড়াশোনা করে বের হন তাদের একটি নিশ্চিত কর্মের সংস্থান সম্ভবপর হয়ে উঠবে। যা প্রকারান্তরে ভূমিকা রাখবে এ দেশের অসাম্প্রদায়িক মৌল চেতনা বিকাশে। আন্তর্জাতিক পর্যায়ে যে উগ্রপন্থার বিস্তার তা থেকে এ দেশকে মুক্ত রাখতে শিল্পকলার বিকাশ ও পৃষ্ঠপোষকতার বিকল্প নেই। এই বৃত্তিতে যিনি জড়িত হন, তিনি হয়ে ওঠেন সংস্কারহীন যথাযোগ্য মানুষ। তাই নতুন বছরে নতুন বার্তা হতে পারে এমন উদ্যোগ।
সম্প্রতি, দেশে নাট্যচর্চায় একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ লক্ষণীয়। নতুন-পুরোনো দলগুলো বিভিন্ন আয়োজনের অংশ হিসেবে প্রশিক্ষণ কর্মশালা, নাটক ও সাম্প্রতিক বিষয় নিয়ে সেমিনার, আলোচনা ও বক্তৃতার আয়োজন করছে।

নাগরিক নাট্যাঙ্গনের গহর বাদশা ও বানেছা পরি নাটকের দৃশ্য
নাগরিক নাট্যাঙ্গনের গহর বাদশা ও বানেছা পরি নাটকের দৃশ্য

এতে নাট্যশিল্পীদের দীর্ঘদিনের জমে থাকা ও অব্যক্ত কথা প্রকাশ পাচ্ছে। ২০১৫ সালে রাজনৈতিক সংকট ও বিপন্ন বাস্তবতার মধ্যেও বেশ কিছু উৎসব হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, দিনাজপুরসহ দেশব্যাপী নাট্যদল ও বিশ্ববিদ্যালয়গুলো উৎসব আয়োজন করে সদস্যদের যেমন অনুপ্রেরণা জুগিয়েছে, তেমনি সংকট মোকাবিলায় নিজেদের প্রস্তুতি ও উপস্থিতিটাও জানান দিয়েছে। নিজ দলের ৭টি নাটক নিয়ে থিয়েটারের নাট্যোৎসব, ভারত ও বাংলাদেশের আদিবাসীদের পরিবেশনা নিয়ে মৃত্তিকালগ্ন নাট্যোৎসব, সাভারে প্রথমবারের মতো সাংসদ নাট্যোৎসব, কলকাতা ও ঢাকার নাটক নিয়ে গঙ্গা-যমুনা নাট্যোৎসব, আইটিআই আয়োজিত দ্বিতীয় ঢাকা আন্তর্জাতিক নাট্যোৎসব, নতুন দল বাতিঘরের নাট্যোৎসব, চট্টগ্রাম তির্যক নাট্যদলের ৪০ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী নাট্য আয়োজন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও ময়মনসিংহ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী নির্দেশিত নাটক নিয়ে আয়োজিত নাট্যোৎসব ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ভারত-বাংলাদেশ মৈত্রী নাট্যোৎসব উল্লেখ্য। নতুন নাটক মঞ্চে এসেছে বেশ কয়েকটি। বছরের শুরুতে মহাকাল নাট্য সম্প্রদায়ের নীলাখ্যান এবং শেষে নাগরিক নাট্যাঙ্গনের গহর বাদশা ও বানেছা পরি দর্শকের মাঝে বেশ আগ্রহ সঞ্চার করেছে, রয়েছে মণিপুরী থিয়েটারের নতুন নাটক লেইমা এবং নতুন দল হিসেবে ম্যাড থিয়েটারের নদ্দিউ নতিম, নাট্যকেন্দ্রের বন্দুকযুদ্ধ ও গাধার হাট।
২০১৬ সালে উইলিয়াম শেক্সপিয়ারের ৪০০তম মৃত্যুবার্ষিকী উদ্যাপনে যৌথভাবে ব্রিটিশ কাউন্সিল, ঢাকা থিয়েটার, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও গ্রুপ থিয়েটার ফেডারেশন কাজ করছে।
থিয়েটার পত্রিকা নিয়মিত প্রকাশের ৪৪ বছর উদ্যাপন করল, ‘থিয়েটারওয়ালা’ এখন অনলাইনে পড়া যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশ থেকে আন্তর্জাতিক পাঠকের জন্য দেশ-বিদেশের নাট্য সংবাদ ও গবেষণা প্রবন্ধ নিয়ে একটি অনলাইন জার্নাল প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। ২০১৬ সাল থিয়েটারে ভালো নাটক মঞ্চায়ন, নাট্য পেশার উন্নয়ন ও দর্শক পরিমাণ বৃদ্ধিতে মনোযোগী হবে—এই প্রত্যাশা সবার।