নতুন বছরে দেশ অপেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগী এলো দেশে যাত্রাপালার দৃশ্যে রিক্তা ও মিলন কান্তি দে
বগী এলো দেশে যাত্রাপালার দৃশ্যে রিক্তা ও মিলন কান্তি দে

এ দেশের একটি ভিন্নধর্মী যাত্রা সংগঠন দেশ অপেরার ২০ বছর পূর্তি হলো গত ডিসেম্বরে। এ উপলক্ষে তারা আয়োজন করেছিল জাগরণী যাত্রা উৎসবের, যা নাগরিক দর্শকসহ গোটা যাত্রাঙ্গনে ব্যাপক সাড়া ফেলে। এখন নতুন বছরে নানা আয়োজনের প্রস্তুতি শুরু করেছে দলটি। নতুন পালার মহড়া, তাতে সুর বসানো, বাদ্যযন্ত্রের সঙ্গে নৃত্য-গীতের তালিম, এসবই চলছে ঢাকার চামেলীবাগের দলের প্রধান কার্যালয়ে।
দেশ অপেরার স্বত্বাধিকারী ও নির্দেশক মিলন কান্তি দে জানান, ফেব্রুয়ারি ও অক্টোবরে যাত্রা প্রশিক্ষণ-উন্নয়ন-গবেষণা পরিষদের উদ্যোগে ঢাকায় দুটি যাত্রা উৎসব অনুষ্ঠিত হবে। দুই উৎসবেই দেশ অপেরার পালা মঞ্চায়ন হবে। নতুন বছরে দুটি নতুন পালা মঞ্চে আসছে দেশ অপেরার। একটি এই দেশ এই মাটি, অন্যটি ফুল পাখি নদী। এ ছাড়া পুরোনো পালা বিদ্রোহী নজরুল এ বছর নতুন আঙ্গিকে মঞ্চে আনা হবে। পালাগুলো মিলন কান্তি দের লেখা। এ ছাড়া অন্যান্য লেখকের মধ্যে ব্রজেন্দ্র কুমার দের ভাওয়াল সন্ন্যাসী, ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়ের ঈশা খাঁ এবং এম এ মজিদের বীরাঙ্গনা সখিনা থাকছে নতুন বছরের পালা হিসেবে।
যাত্রানুষ্ঠান ছাড়াও দেশ অপেরা এ বছর যাত্রা বিষয়ে চার ঘণ্টার বক্তৃতার আয়োজন করবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও নাট্যকর্মীদের সমন্বয়ে কয়েকটি অভিনয় কর্মশালার আয়োজন করবে। এসব অনুষ্ঠানের পাশাপাশি গণস্বাক্ষরতা অভিযানের সহযোগিতায় সারা দেশে শিক্ষামূলক যাত্রানুষ্ঠানের আয়োজন করে চলেছে দেশ অপেরা। এ দলের ব্যানারে অভিনয় করছেন তাপস সরকার, গাজী বেলায়েত, এম এ মজিদ, আলীম, এম সিরাজ, এস আলম, মনসুরা, অলিউর রহমান, নিলয়, আবুল কালাম, রেখা গুণ, মনিমালা, বনশ্রী, লুৎফুন নাহার।