নতুন বছরে নতুন নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটমণ্ডলে বটতলার নাটক দ্য ট্রায়াল অব মাল্লম ইলিয়ার দৃশ্য প্রথম আলো
নাটমণ্ডলে বটতলার নাটক দ্য ট্রায়াল অব মাল্লম ইলিয়ার দৃশ্য প্রথম আলো

আফ্রিকার নিরীক্ষাধর্মী নাটক। নাটকের শুরু হয় একটি পরিকল্পিত বিপ্লবের দৃশ্যায়ন দিয়ে। মালওয়াল নামক একজন যুবকের নেতৃত্বে ক্ষমতার অন্যতম ব্যক্তি মাল্লাম ইলিয়ার বাড়িতে হানা দেয় নববিপ্লবীরা। বিনা রক্তপাতে এ বিপ্লব ঘটানো হবে এমন স্পষ্ট নির্দেশ থাকলেও ঘটনাক্রমে খুন হয়েছেন মাল্লামের স্ত্রী হালিমা। বিপ্লবীরা মাল্লামকে নিয়ে একটি গোপন স্থানে চলে যায়। মাল্লামকে একটি ট্রায়ালে দাঁঁড় করায় মালওয়ালরা। মাল্লাম মুহম্মদ ইলিয়া শুরু করে তার বক্তব্য।
এই হচ্ছে নাটকের দল ‘বটতলা’র নতুন নাটক দ্য ট্রায়াল অব মাল্লাম ইলিয়ার পটভূমি। নতুন বছরের প্রথম দিনে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়। নাটকটি রচনা করেছেন মুহাম্মদ বেন আবদাল্লা। অনুবাদ করেছেন সৌম্য সরকার ও নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার। স্বাধীনতার ৪৩ বছর পূর্তিতে বাংলাদেশের নাট্যাঙ্গনের ৪৩ জন বিশিষ্ট নাট্যজনের ৪৩টি মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে নাটকের মঞ্চায়ন শুরু হয়।
নাটকের একপর্যায়ে নাটকের ভেতরেই নাটক তৈরি হয়ে যায়। কয়েক স্তরের নাটক। নাটকের মধ্যভাগে দেখা গল্পটি প্রায় ৩০ বছর পেছনে চলে যায়। যখন মাল্লাম ছিল যুবক। মাল্লামের দীক্ষা ছিল প্রধানত ধর্মীয়। তবে ধর্মের ও সততার বোধ তাকে ন্যায়ের কথা বলতে শেখায়—জনতাকে সে বলতে শুরু করে বর্তমান ‘দুঃশাসনের’ কথা। রাষ্ট্রনায়ক কামরানের শ্যেন দৃষ্টিতে পড়তে হয় তাকে। অন্যদিকে, গুরু আব্বাসের কন্যা রূপসী হালিমা জড়িয়ে পড়ে কামরানের সঙ্গে সম্পর্কে। হালিমা হয়ে পড়ে অন্তঃসত্ত্বা। কামরানকে হত্যার চক্রান্তে লিপ্ত থাকার অভিযোগে আরও নেতাদের সঙ্গে বন্দী হয় মাল্লাম। তার বিচার নিয়ে শুরু হয় প্রহসন। হত্যা-চক্রান্তে জড়িত থাকার কথা স্বীকার করিয়ে নেওয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে নাটক সাজিয়ে হালিমার অন্তঃসত্ত্বা হওয়ার জন্য দায়ী করা হয় মাল্লামকে। তাকে দেওয়া হয় মৃত্যুদণ্ড। এভাবেই মৃতদের সাক্ষ্য ও অভিনয়ের মধ্য দিয়ে বা কখনো মালওয়ালের হস্তক্ষেপে বর্তমানে ফিরে এসে এগোয় নাটক।
কামরানের সাময়িক অনুপস্থিতিতে উল্টে যায় ক্ষমতার কক্ষপথ। মাল্লাম এবং অন্যরা যারা বন্দী ছিল, হয়ে ওঠে রাষ্ট্রের কান্ডারি আর কামরানের সমর্থকেরা হয় বন্দী। রাজনীতির খেলা কিন্তু চলতে থাকে। এভাবে ক্ষমতার পালা উল্টে আবার নতুন নেতৃত্বের অভ্যুত্থান হতে থাকে। জনতার ভাগ্যের পরিবর্তন কখনোই হয় না।
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পংকজ মজুমদার, তৌফিক হাসান ভুঁইয়া, কাজী রোকসানা, সামিনা লুৎফা, মিজানুর রহমান, আবদুস সালাম, আবদুর রহিম, হাসনাইন সিকদার প্রমুখ। নাটকের দল সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার ও কাল শুক্রবার সন্ধ্যায় নাটকটির দ্বিতীয় এবং তৃতীয় মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।